নিজস্ব প্রতিনিধি: ভরা বসন্তে বর্ষার আমেজ! বৃহস্পতিবার সকাল থেকেই কালো মেঘে ঢেকেছে আকাশ। কালবৈশাখীর দাপটে দফায় দফায় চলছে ঝড়-বৃষ্টি। যার জেরে জলমগ্ন পরিস্থিতি হয়েছে শহর কলকাতার বহু এলাকায়। চরমে উঠেছে যাত্রী দুর্ভোগ।
কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপাতত বৃষ্টিতে যানচলাচলে বিশেষ কোনও সমস্যা হয়নি।
এখনও পর্যন্ত কোনও দুর্ঘটনাও ঘটেনি। তবে দিনভর জনসভা থাকায় কিছু জায়গায় যানজটের পরিস্থিতি হতে পারে। আজ, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রথতলা থেকে সিঁথির মোড় পর্যন্ত একটা র্যালি বেরোবে। আর একটা র্যালি বেরোবে বেলা সাড়ে তিনটে নাগাদ সদানন্দ রোড থেকে রামচন্দ্র মঞ্চে দিকে। আবার, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আরজি কর থেকে র্যালি বেরিয়ে শ্যামবাজার মেট্রো স্টেশন পর্যন্ত যাবে। দিনভর বৃষ্টি চললেও, রাস্তাঘাটে তেমন কোনও বিধি নিষেধ নেই। কিন্তু, ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহ বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে পারে নিত্যযাত্রীরা।
ইতিমধ্যে আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রপাত ও ঝড়বৃষ্টির সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় না নেওয়া, জলাশয় থেকে দূরে থাকা এবং নিরাপদ স্থানে থাকার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।
আজ সকালে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমে ২১.৩ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি কম। শেষ ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৫.২ মিলিমিটার। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে হবে। তারইমধ্যে বিকেল বা সন্ধ্যার দিকে আকাশ মেঘলা হয়ে যাবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।

