নিজস্ব প্রতিনিধি: বাঙালি মিষ্টির জগতে ভাপা দই একটি অনন্য নাম। দই, দুধ এবং কনডেন্সড মিল্কের মোলায়েম মিশ্রণ ভাপে রান্না করে তৈরি হয় এই সুস্বাদু ডেজার্ট। উৎসবের মেনু থেকে শুরু করে গরমের দুপুরের শেষে ঠান্ডা মিষ্টি হিসেবে ভাপা দইয়ের জনপ্রিয়তা আজও অটুট। সহজ উপকরণ ও কম সময়ে তৈরি হওয়ায় এটি ঘরোয়া রান্নাঘরেও বেশ জনপ্রিয়।
উপকরণ
১ কাপ ঝরানো টক দই (Hung Curd), ১ কাপ দুধ, ৪০০ গ্রাম কনডেন্সড মিল্ক , ১ চা চামচ এলাচ গুঁড়ো, ১ চা চামচ কর্নফ্লাওয়ার (ঐচ্ছিক), পেস্তা কুচি (সাজানোর জন্য)।
প্রদ্ধতি
একটি বড় পাত্রে ঝরানো দই ও কনডেন্সড মিল্ক একসঙ্গে ভালভাবে ফেটিয়ে নিন। এরপর দুধ, এলাচ গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার যোগ করে ভালভাবে মেশান। চাইলে এই সময়ে কেশর, আমের পাল্প বা পছন্দের অন্য কোনও ফ্লেভারও যোগ করতে পারেন। মিশ্রণটি একটি ধাতব বা হিটপ্রুফ পাত্রে ঢেলে অ্যালুমিনিয়াম ফয়েল বা শক্ত ঢাকনা দিয়ে ভালভাবে ঢেকে দিন। স্টিমারে বা বড় পাত্রে জল গরম করে তার মধ্যে ভাপা দইয়ের পাত্রটি বসিয়ে কম আঁচে প্রায় ২০ থেকে ২৫ মিনিট ভাপিয়ে নিন। ভাপা দই সম্পূর্ণ ঠান্ডা হলে ফ্রিজে অন্তত ৩ থেকে ৪ ঘণ্টা রেখে দিন। এতে এর টেক্সচার আরও ঘন হবে। ফ্রিজ থেকে বের করে উপর থেকে পেস্তা, কাজু বা কেশর ছড়িয়ে পরিবেশন করুন।
মাটির ভাঁড়ে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যায়। দই অবশ্যই ঝরিয়ে নিতে হবে, তবেই ভাপা দই ঘন ও ক্রিমি হবে। ভাপানোর সময় আঁচ কম রাখুন, এতে মসৃণ টেক্সচার বজায় থাকবে। আম, কেশর, গোলাপ সিরাপ বা কমলার ফ্লেভার যোগ করে ভাপা দইয়ের বিভিন্ন স্বাদের তৈরি করা যায়। বাঙালির ঐতিহ্যবাহী এই ডেজার্ট একবার বাড়িতে তৈরি করলে বারবার বানাতে ইচ্ছে হবেই।

