আন্তর্জাতিক ডেস্ক: মেটার প্ল্যাটফর্ম থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও কিছু সময়ের জন্য সরিয়ে দেওয়া নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনার জন্য মেটার প্রধান মার্ক জুকারবার্গকে ক্ষমা চাওয়ার কথা জানানো হয়েছে। তিনি ক্ষমা চাইলেন তবে মোদির ভিডিও সরানোর জন্য নয়। নিজেদের প্ল্যাটফর্মে শিশু যৌন নির্যাতন ও ডিপফেক কনটেন্ট থাকার জন্য বুধবার ক্ষমা চেয়েছেন মেটার প্রধান।
ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে ভারত মেটা-র বৃহত্তম ব্যবসার বাজার। এখানে কোটি কোটি মানুষ ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। সূত্রের খবর, সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে মেটাকে শিশুদের সুরক্ষা, ডিপফেক কনটেন্ট, কনটেন্ট মডারেশন এবং প্ল্যাটফর্মে ক্ষতিকর উপাদান ছড়িয়ে পড়া নিয়ে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়। সেই প্রেক্ষিতেই জুকারবার্গ দুঃখপ্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের সমস্যা রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। জানা গিয়েছে, সংসদের তথ্যপ্রযুক্তি সংক্রান্ত স্থায়ী কমিটিও শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত কনটেন্টের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। এমন কনটেন্টের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির দায়বদ্ধতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে আইনি সুরক্ষা প্রত্যাহারের বিষয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদির পোস্ট সরিয়ে ফেলার ঘটনায় সরকারের তলবের প্রেক্ষিতে বুধবার মেটা-র গ্লোবাল টিম তথ্যপ্রযুক্তি মন্ত্রকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। মেটা-র গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানসহ শীর্ষ কর্মকর্তারা তথ্যপ্রযুক্তি সচিব এস কৃষ্ণান এবং মন্ত্রণকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ৪৫ মিনিট ধরে আলোচনা করেন বলেই খবর। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), উন্নত কনটেন্ট মডারেশন প্রযুক্তি এবং মানব পর্যবেক্ষণ আরও শক্তিশালী করা হবে। শিশুদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলার জন্য সংস্থা কাজ চালিয়ে যাবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

