নিজস্ব প্রতিনিধিঃ সাংবাদিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন, কর্মরত সাংবাদিকদের পুজো বোনাস এবং স্বাস্থ্যবিমা-তিন ক্ষেত্রেই সুবিধা বাড়ানোর কথা জানান মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, এতদিন অ্যাক্রেডিটেশন কার্ড থাকা অবসরপ্রাপ্ত সাংবাদিকরাই পেনশন প্রকল্পের আওতায় ছিলেন। কয়েক বছর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই পেনশন চালু হয়। মাসে ২৫০০ টাকা করে পেনশন পেতেন তাঁরা। তবে অ্যাক্রেডিটেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত থাকায় বহু সাংবাদিক, বিশেষ করে ডেস্কে কর্মরত সাংবাদিকরা এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এবার সেই নিয়মে বদল আনার ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, অ্যাক্রেডিটেশন কার্ড না থাকলেও অবসরপ্রাপ্ত সাংবাদিকরা পেনশন পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। একইসঙ্গে পুজোর আগে সাংবাদিকদের দেওয়া বোনাসের পরিমাণ বাড়িয়ে ৩০০০ টাকা করার কথা ঘোষণা করেন তিনি। এতদিন মূলত অ্যাক্রেডিটেশন কার্ড থাকা কলকাতা ও জেলার সাংবাদিকরাই এই সুবিধা পেতেন। এবার অ্যাক্রেডিটেশন কার্ডের বাধ্যবাধকতাও থাকছে না। রাজ্যের যে সাংবাদিকরা আবেদন করবেন, তাঁরা এই পুজোতে সুবিধা পাবেন।
পাশাপাশি রাজ্যের সমস্ত সাংবাদিককে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় আনার কথাও জানান শুভেন্দু। সাংবাদিকদের উদ্দেশে তাঁর বার্তা, সরকারের সমালোচনা ও গঠনমূলক আলোচনা অবশ্যই করা উচিত। তবে দেশপ্রেমের প্রশ্নে সংবাদমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এমন কোনও ভাষা ব্যবহার করা উচিত নয়, যাতে কারও ধর্মীয় বিশ্বাস বা আস্থায় আঘাত লাগে।

