Dailyhunt
সন্ধের আড্ডায় বাড়িতেই বানিয়ে ফেলুন  ক্রিস্পি-ক্রিমি 'দই কে শোলে'

সন্ধের আড্ডায় বাড়িতেই বানিয়ে ফেলুন ক্রিস্পি-ক্রিমি 'দই কে শোলে'

নিজস্ব প্রতিনিধিঃ সন্ধের জলখাবারে যদি একই মুড়ি চপ বা সিঙাড়ায় মন না ভরে যায়, তবে এবার একটু অন্য স্বাদের খোঁজে সহজেই বানিয়ে ফেলুন নরম আর ক্রিমি ফিলিং এর 'দই কে শোলে' । সাধারণ ব্রেড, টক দই আর ঘরোয়া কয়েকটি উপকরণেই তৈরি হতে পারে রেস্তরাঁ স্টাইলের এই প্রিমিয়াম স্ন্যাক্স।

যা খেতে যেমন লোভনীয়, দেখতে তেমনই আকর্ষণীয়। একঘেয়ে স্ন্যাক্সের তালিকা থেকে একটু বেরিয়ে এলে দেখা মিলতে পারে অসাধারণ এই স্বাদের। বাইরে সোনালি আবরণ , ভিতরে দই আর পনিরের নরম, মশলাদার পুর শুনলেই যেন জিভে জল আসে। অতিথি আপ্যায়ন হোক বা নিজের মন ভালো করার রান্না, 'দই কে শোলে' টেবিলে এলেই নজর কাড়বেই।

উপকরণ

সাদা পাউরুটি ১০-১২টি, জল ঝরানো ঘন দই দেড় কাপ, কুঁচোনো পনির ১০০ গ্রাম,অল্প কুচি করা ক্যাপসিকাম ,গাজর ও পেঁয়াজ, কাঁচালঙ্কা, ধনেপাতা, নুন, গোলমরিচ গুঁড়ো, সামান্য চাট মশলা, ব্রেড সিল করার জন্য সামান্য ময়দার গোলা, আর ভাজার জন্য তেল।

পদ্ধতি

প্রথমে একটি বড় বাটিতে জল ঝরানো ঘন দইতে পনির, সবজি কুচি, কাঁচালঙ্কা, ধনেপাতা ও সব মশলা একসঙ্গে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন, দই যেন একেবারেই জলছাড়া হয় তবেই ফিলিং হবে ঘন ও মোলায়েম। এবার পাউরুটির চারপাশের বাদামি অংশ কেটে হালকা জল ছিটিয়ে নরম করে নিন। মাঝখানে এক চামচ ফিলিং দিয়ে রোলের মতো মুড়ে দু'পাশ ভালো করে সিল করে দিন। এরপর গরম তেলে মাঝারি আঁচে সোনালি করে ভেজে নিলেই তৈরি 'দই কে শোলে' ।মাঝখান থেকে তির্যক করে কেটে পুদিনার চাটনি বা টক মিষ্টি সসের সঙ্গে পরিবেশন করুন। সন্ধের আড্ডা মানেই চায়ের কাপ, গল্পের ঝাঁপি আর সঙ্গে মুখরোচক কিছু। তবে সেই জলখাবারে যদি থাকে মচমচে আবরণে মোড়া নরম, ক্রিমি এক চমক, তাহলে আড্ডার স্বাদ যেন আরও কয়েক গুণ বেড়ে যায়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte