Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,' আশ্বাস দিলীপের

'সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,' আশ্বাস দিলীপের

নিজস্ব প্রতিনিধি: পূর্বতন সরকারের প্রকল্প 'আমাদের পাড়া আমাদের সমাধান' নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ। কয়েকদিন আগেই রাজ্যে কানাঘুষো শোনা গিয়েছিল এই প্রকল্পের আওতায় কাজ করা ঠিকাদারদের বকেয়া টাকা মেটাবে না রাজ্য। যদিও সেই খবর ভুয়ো বলে জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

আজ, মঙ্গলবার বারাসাত রবীন্দ্র ভবনে জেলা ভিত্তিক পঞ্চায়েতের উন্নয়নের খতিয়ান নিতে এসে মন্ত্রী জানান, ‘আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে কাজের সার্ভে হওয়ার পর ছবি দেখে, সবকিছু যাচাই করে টাকা ঠিকাদারদের দেওয়া হবে। তিনটি ধাপে টাকা দেওয়া হবে। একটা ধাপে কাজ হলে সার্ভের পর সেই টাকা পাওয়া যাবে।’ পঞ্চায়েতমন্ত্রীর এই ঘোষণার পর অনেকটাই হাফ ছেড়ে বেঁচেছেন ঠিকাদাররা।

আরও পডুন: পুরুলিয়ার পর্যটনকে চাঙ্গা করতে স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন, উপস্থিত পর্যটনমন্ত্রী

তৃণমূল জামানার শেষ পর্যায়ে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প নেওয়া হয়। সেই প্রকল্পের মাধ্যমে কিছু কাজ হয়েছে, কিছু কাজ হয়নি। কেউ টাকা পেয়েছেন, কেউ পাননি। সরকার বদলের পর যারা টাকা পায়নি অথচ কাজ করে ফেলেছেন সেই সমস্ত ঠিকাদারদের টাকা আটকে গিয়েছিল। ফলে তাঁরা সমস্যার মধ্যে পড়েছিলেন। এদিন দিলীপ ঘোষ সেই সমস্ত ঠিকাদারদের আশ্বস্ত করেছেন। তিনি আশ্বাস দেন সঠিক ভাবে যারা কাজ করেছেন তারা টাকা পাবেন। এদিন তিনি আরও বলেন, ‘জল জীবন মিশনের আওতায় রাজ্যের প্রায় ৬০ হাজার কোটি টাকা পাওয়ার কথা। গত তৃণমূল সরকারের আমলে ৩০ হাজার কোটি টাকা এসেছিল সেটা মাটির নীচে চলে গিয়েছে কিন্তু জল আসেনি। কোটি কোটি টাকার পাইপ কেনা হয়েছিল, সেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে মাটির নীচে। অথচ শহরে বা গ্রামে কোথাও জল নেই। পাহাড় থেকে সাগর সর্বত্র এই দুর্নীতি করেছে বিগত সরকার। এই দুর্নীতিরও তদন্ত হবে।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘পঞ্চায়েত স্তরে কর্মী সংখ্যা কম এবং বিডিওদের বদলির কারণে কাজ কিছুটা ধীর গতিতে চলছে। ১১ হাজার কর্মী কম আছে তার নিয়োগ হবে। আমরা আমাদের রুল কিছুটা চেঞ্জ করে পিএসসিকে নিয়োগের দায়িত্ব দিয়ে দেব।’

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte