Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সাতসকালে ফের অ্যাকশনে ইডি, একাধিক দুর্নীতিতে রাজ্যজুড়ে অভিযান

সাতসকালে ফের অ্যাকশনে ইডি, একাধিক দুর্নীতিতে রাজ্যজুড়ে অভিযান

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুরের অন্ডালে এক অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর বাড়িতে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভোর থেকেই ইডির এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর মহকুমার অন্ডালের শ্রীপল্লি সুভাষনগর রিক্সাডাঙাল এলাকায় অভিযান শুরু করে ইডি।

অবসরপ্রাপ্ত ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর কর্মী দিলীপ মল্লিকের বাড়িতে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। এর পাশাপাশি নদিয়া ও হাওড়াতেও তল্লাশি চালিয়েছে ইডি। হাওড়ার ব্যাটরায় চিটফান্ড মামলায় সৌরভ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চলছে। নদিয়ার কালীনারায়ণপুরে শেয়ারবাজার সংক্রান্ত ভুয়ো সংস্থার কর্ণধারের বাড়িতেও হানা। এদিন ভোর থেকে চলছে তল্লাশি। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

অভিযান শুরুর পর থেকেই বাড়ির চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করা হয়। তবে কোন মামলার তদন্তে এই তল্লাশি চলছে, সেই বিষয়ে এখনও পর্যন্ত ইডির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি। ফলে অভিযানের কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দিলীপ মল্লিক দীর্ঘদিন ইসিএলে চাকরি করেছেন এবং অবসর নেওয়ার পর পরিবার নিয়ে ওই এলাকাতেই থাকেন। তাঁকে কোনও দিন অনৈতিক কাজে যুক্ত থাকতে তাঁরা দেখেননি। তাই হঠাৎ ইডির এই তল্লাশি অনেককেই অবাক করেছে। তদন্তের কারণ স্পষ্ট না হলেও বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। কেউ মনে করছেন, ইসিএলে চাকরির সূত্রে তাঁর বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ থাকতে পারে। আবার কেউ প্রশ্ন তুলছেন, কয়লা সংক্রান্ত কোনও আর্থিক অনিয়ম বা দুর্নীতির তদন্তের সূত্র ধরেই এই অভিযান কি না। যদিও এসব বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি নিশ্চিত তথ্য সামনে আসেনি। অন্যদিকে, হাওড়ার ব্যাটরা থানার কুচিল সরকার লেনের বাসিন্দা সৌরভ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৃহস্পতিবার সকালে পৌঁছন তদন্তকারীরা। অভিযোগ, তিনি একাধিক চিটফান্ড সংস্থার সঙ্গে যুক্ত এবং শেয়ার বাজার সংক্রান্ত ব্যবসার সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে। একই সময়ে নদিয়ার রানাঘাটের কালীনারায়ণপুরে ব্যবসায়ী সুভ্রকান্তি নাগ ওরফে বাবাই নাগের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। তদন্তকারী সংস্থার দাবি, 'স্টক গুরুকুল' নামে একটি সংস্থার মাধ্যমে শেয়ার বাজারে প্রশিক্ষণ ও বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা তোলা হয়েছিল। সেই অর্থ আত্মসাতের অভিযোগেই এই অভিযান। জানা গিয়েছে, অভিযানের সময় সুভ্রকান্তি ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না।

আরও পড়ুন: সেবকে ধস নেমে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, সিকিম ও কালিম্পং রুটে যান চলাচল বন্ধ

উল্লেখ্য, এর আগের দিন বুধবারও (৮ জুলাই) রাজ্যে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। ঝাড়খণ্ডের এক শিল্পপতির সল্টলেকের বাড়ির পাশাপাশি সঞ্জয় ঘোষ নামে এক ইঞ্জিনিয়ারের বাড়িতেও অভিযান চালানো হয়। তার পরদিনই অন্ডালে অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর বাড়িতে ইডির এই তল্লাশি ঘিরে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte