Dailyhunt
সাতসকালেই নেমে এল আঁধার! দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তুমুল দুর্যোগের সম্ভাবনা

সাতসকালেই নেমে এল আঁধার! দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তুমুল দুর্যোগের সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি: বিগত কয়েক দিন ধরে কলকাতা সহ রাজ্যে চলছে টানা ঝড় বৃষ্টি। কলকাতার পাশাপাশি ব্যাপক বৃষ্টি-সহ ঝড় ও বজ্রপাত হচ্ছে জেলায় জেলাতেও। বৃহস্পতিবার সকাল থেকেই শহরে নেমে এসেছে আঁধার। কলকাতা সহ তার সংলগ্ন এলাকায় হয়েছে বৃষ্টিও। রাজ্যের ৭ জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত রাজ্যজুড়ে কালবৈশাখীর পরিস্থিতি বজায় থাকবে। বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। জানা গিয়েছে, হিমালয়ের পাদদেশ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে একটি অক্ষরেখা। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে নিম্নচাপ রেখা তৈরি হয়েছে। এর জেরেই বাড়ছে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার প্রবণতা। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগের সম্ভাবনা কথা বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া এবং নদিয়ায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টিই নয়, এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এই সব এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এখানেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে রোদের দেখা মেলেনি। সকাল থেকেই আকাশের মুখ ভার। কলকাতা সহ তার সংলগ্ন এলাকা এবং জেলাগুলোতে বৃষ্টিপাত চলেছে। এই অবস্থা আগামী কয়েক দিন জারি থাকবে বলে জানা গিয়েছে। মধ্য এপ্রিল মাসে অস্বস্তিকর গরম থেকে মুক্তি পেতে চলেছে রাজ্যবাসী।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte