আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানের সঙ্গে ফের সংঘাতে জড়িয়েছে আমেরিকা। শুরু হয়েছে নতুন করে হামলা। এর মধ্যেই এবার হরমুজ প্রণালীতে সৌদি আরবের মালিকানাধীন একটি জ্বালানি তেলবাহী সুপার ট্যাংকারে বড় হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। সৌদি কর্তৃপক্ষের অভিযোগ, সোমবার (৩১ অগস্ট) রাতের ওই হামলায় ট্যাংকারটিতে থাকা ফিলিপাইনের দুজন নাবিক নিহত হয়েছেন।
সৌদি আরবের জাতীয় জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান 'বাহরি' বুধবার (২ সেপ্টেম্বর) জানায়, সোমবার হরমুজ দিয়ে যাওয়ার সময় তাদের একটি জাহাজ হামলার সম্মুখীন হয়েছে। জাহাজটির নাম ছিল 'সিদর'। স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। সেই সময়ে তেলবাহী জাহাজটি ওমানের মুসানদাম উপদ্বীপের উত্তরে অবস্থান করছিল। মৃত দুই নাবিক ফিলিপাইনের বাসিন্দা। ওই একই সময়ে দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন আরেকটি সুপারট্যাংকার 'সেনেগাল প্রসপারিটি'-তেও হামলার চালানো হয় বলে খবর মিলেছে।
যদিও সৌদি আরবের অভিযোগ নিয়ে এখনও ইরান কিছুই জানায়নি। তবে তেহরান আগে জানিয়েছিল হরমুজ প্রণালিতে দুটি জ্বালানি তেলবাহী ট্যাংকারে সামুদ্রিক মাইনের আঘাতে আগুন লেগেছে। তাঁদের দাবি ছিল ওই ট্যাংকার দুটি হরমুজ প্রণালিতে যে পথ দিয়ে যাচ্ছিল সেই পথে যাওয়ার অনুমতি ছিল না। এই খবর সামনে আসার পর নতুন করে আন্তর্জাতিক মহলে উত্তাপ বেড়েছে। এমনিতেই বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। নতুন করে তেলবাহী জাহাজগুলিতে হামলা বলে আরও তেলের দাম বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

