Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
শাবককে বাঁচাতে গিয়ে চা বাগানের জলাশয়ে পড়ে গেল মা হাতি, তারপর যা ঘটল..

শাবককে বাঁচাতে গিয়ে চা বাগানের জলাশয়ে পড়ে গেল মা হাতি, তারপর যা ঘটল..

নিজস্ব প্রতিনিধিঃ চা বাগানের সেচের জলাশয়ে পড়ে বিপাকে মা হাতি ও তার শাবক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম চা বাগানে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বক্সার জঙ্গল থেকে লোকালয়ের দিকে আসার সময় কোনও ভাবে চা বাগানের সেচের জলাশয়ে পড়ে যায় হাতি দু'টি। সকালে জলাশয়ের মধ্যে মা হাতি ও শাবককে দেখতে পান স্থানীয়রা।

মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।

ঘটনার খবর দেওয়া হয় বন দফতর এবং পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের আধিকারিক এবং পুলিশকর্মীরা। এরপর শুরু হয় হাতি দু'টিকে জলাশয় থেকে উদ্ধারের তৎপরতা। দীর্ঘক্ষণ চেষ্টার পর অবশেষে মা হাতি ও তার শাবককে জলাশয় থেকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধারের পর হাতি দু'টির শারীরিক পরিস্থিতি পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষার পর তাদের ফের জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। কী ভাবে বক্সার জঙ্গল থেকে বেরিয়ে হাতি দু'টি চা বাগানে ঢুকল এবং কী ভাবে সেচের জলাশয়ে পড়ে গেল, তা খতিয়ে দেখছেন বন দফতরের আধিকারিকরা।

তবে এই ঘটনার মধ্যেই গত মঙ্গলবার আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের আতিয়াবাড়ি টি এস্টেট থেকে একটি হস্তিশাবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। শ্রমিকরা কাজের সময় শাবকটির দেহ দেখতে পান। বন দফতর জানিয়েছে, কয়েক দিন আগে একদল হাতি জঙ্গল ছেড়ে ওই চা বাগানে ঢুকেছিল। তাদের দল থেকেই শাবকটি কোনও ভাবে বিচ্ছিন্ন হয়ে যায় বলে অনুমান। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte