Dailyhunt
শিবপুর পুলিশ লাইনের সামনে থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার, ধৃত ৩, আটক উত্তরপ্রদেশের গাড়ি

শিবপুর পুলিশ লাইনের সামনে থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার, ধৃত ৩, আটক উত্তরপ্রদেশের গাড়ি

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: খোদ পুলিশের চোখের সামনে মাদক পাচারের ছক। হাওড়া জেলার শিবপুর পুলিশ লাইনের সামনে ভিন রাজ্যের একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার বিপুল পরিমাণ হেরোইন। শিবপুর পুলিশ লাইনের উল্টোদিকে একটি বহু তল বাড়ির গ্যারেজে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ হেরোইন(Heroine)।

ওই গাড়িটি এই রাজ্যের নয়। গাড়ির গায়ে উত্তর প্রদেশের মোটর ভেহিকেলস – এর নম্বর সাঁটানো।গোপন সূত্রে খবর পেয়ে শিবপুর থানার(Sibpur P.S.) পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ওই বহুতল বাড়ির এক তলায় গ্যারেজে হানা দেয়। গাড়ির পেছনের ডিকি থেকে উদ্ধার হয় একটি প্যাকেট।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে গাড়িটি উত্তরপ্রদেশের। ওখান থেকেই এই হেরোইন আনা হতে পারে বলে পুলিশের অনুমান। ৫০০ গ্রামের বেশি হেরোইন পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ওই তিন ব্যক্তি উত্তরপ্রদেশ(Uttarpradesh) থেকে এই বিপুল পরিমাণ হেরোইন হাওড়ায় কেন নিয়ে এসেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। গোটা রাজ্য জুড়ে চলছে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে নাকা চেকিং। সেখানে পুলিশের চোখে ধুলো দিয়ে কি করে এই বিপুল পরিমাণ মাদক ভিন রাজ্যের ব্যক্তিরা হাওড়ায় নিয়ে এলো তা নিয়ে চক্ষু চরক গাছ পুলিশের।

আটক হেরোইনের মূল্য কোটি টাকার কাছে। এই চক্র কতদিন ধরে এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত এবং যে বহু দলের এক তলা থেকে গাড়িটি পাওয়া গিয়েছে সেই বাড়ির কোন বাসিন্দাদের সঙ্গে এদের যোগসূত্র রয়েছে তা জানতে পুলিশ তদন্ত করছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই হেরোইন আটক করা হয়েছে। ধৃতদের রবিবার আদালতে পেশ করে তদন্তের স্বার্থে হেফাজতে নেবে হাওড়া পুলিশ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte