Dailyhunt
শিশু মৃত্যুর জেরে উত্তেজনা মণিপুরে, রাজধানী ইম্ফল সহ পাঁচ জেলায় বন্ধ ইন্টারনেট

শিশু মৃত্যুর জেরে উত্তেজনা মণিপুরে, রাজধানী ইম্ফল সহ পাঁচ জেলায় বন্ধ ইন্টারনেট

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসই সার, ফের উত্তেজনা মণিপুরে। কুকি জঙ্গিদের হামলায় দুই শিশু মৃ্ত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে মণিপুরের রাজধানী ইম্ফল সহ পাঁচ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হল।

ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবাল, কাকচিং এবং বিষ্ণুপুর জেলায় সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। মণিপুরের স্বরাষ্ট্র দফতরের তরফে আজ, মঙ্গলবার দুপুরে এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে। প্রশাসনের দাবি, ভুয়ো খবর ও গুজব ছড়িয়ে পড়া রোধ করতে এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি যাতে আরও অবনতি না হয়, সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে বিষ্ণুপুর জেলায় গতকাল, সোমবার গভীর রাতে এক নৃশংস হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই সেখানে কারফিউ জারি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার মধ্যরাতের কিছুক্ষণ পরেই মইরাং এলাকার ট্রংলাওবি আওয়াং লেইকাই গ্রামে এক বাড়িতে সন্দেহভাজন কুকি জঙ্গিরা বিস্ফোরক ছোড়ে। ওই এলাকাটি দীর্ঘদিন ধরেই মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের মূল কেন্দ্র হিসেবে পরিচিত। হামলার সময় বাড়ির সবাই ঘুমিয়ে ছিলেন। বিস্ফোরণে ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হয় এক পাঁচ বছরের ছেলে ও ছয় মাসের এক কন্যাশিশুর। ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুদের মা। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte