নিজস্ব প্রতিনিধিঃ আদালতের নির্দেশে অবশেষে নিজের জমি ফিরে পেলেন উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বেনা গ্রামের এক বাসিন্দা। অভিযোগ, তৃণমূলের দুই স্থানীয় নেতা আব্দুর রশিদ গাজী ও হাসান গাজী জোর করে তাঁর জমির একটি অংশ দখল করে সেখানে ঢালাই রাস্তা তৈরি করেছিলেন। আদালতের নির্দেশের পর সেই রাস্তা ভেঙে জমি প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে।
ঘটনাস্থলে মোতায়েন রয়েছে হাসনাবাদ থানার পুলিশ।
অভিযোগকারী আব্দুর রহিম গাজীর দাবি, তাঁর জমির পাশেই থাকেন অভিযুক্ত দুই তৃণমূল নেতা। তাঁদের বাড়িতে যাতায়াতের জন্য পর্যাপ্ত চওড়া রাস্তা না থাকায় জোরপূর্বক তাঁর জমির একটি অংশ দখল করে রাতারাতি ঢালাই রাস্তা তৈরি করা হয়। তিনি ও তাঁর পরিবারের সদস্যেরা বাধা দিতে গেলে তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ। অভিযোগ, সেই সময় পরিবারের মহিলা সদস্যদেরও নিগ্রহের শিকার হতে হয়।স্থানীয় স্তরে একাধিক বার অভিযোগ জানিয়েও কোনও সমাধান না মেলায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন আব্দুর রহিম গাজী। মামলার শুনানির পর আদালত জমি দখলমুক্ত করার নির্দেশ দেয়। সেই নির্দেশ কার্যকর করতে প্রশাসনের উপস্থিতিতে দখল করা ঢালাই রাস্তা ভেঙে জমি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
যদিও এই ঘটনায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই আব্দুর রশিদ গাজী ও হাসান গাজীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকালীন তাঁরা বাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে। ফলে অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি। আদালতের নির্দেশ কার্যকর হওয়ায় এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

