নিজস্ব প্রতিনিধি: বর্তমানে রাজনীতিতে তারকাদের ক্রমশ প্রভাব বাড়ছে, বহু তরুণ প্রজন্মের তাঁদের অনুসরণ করছেন, কিন্তু এটা কী ঠিক? তরুণ প্রজন্মের কী ঠিক পথে এগোচ্ছে? এবার এই বিষয়েই তরুণদের উদ্দেশে একটি কড়া বার্তা দিলেন মেগাস্টার রজনীকান্ত। বুধবার চেন্নাই বিমানবন্দরে বেশ কয়েকজন সাংবাদিকের মুখোমুখি হয়ে তরুণদের জীবন ও ভবিষ্যৎ নিয়ে 'গভীরভাবে চিন্তা' করার পরামর্শ দিলেন অভিনেতা।
যে সকল তরুণ-তরুণী অভিনেতাদের পেছনে ছুটে সময় নষ্ট করছেন, তাঁদের উদ্দেশ্যে অভিনেতার বক্তব্য, ‘বর্তমানে তরুণদের তাঁদের পড়াশোনা এবং ভবিষ্যৎ নিয়ে গুরুত্ব সহকারে ভাবা উচিত। তরুণদের সতর্ক থাকা উচিত। যদি তাঁরা সময় নষ্ট করেন, তবে সেটা তাঁদের ক্ষতি। তাঁদের পড়াশোনায় মনোযোগ দেওয়া এবং সুস্থ থাকা উচিত। একটাই অনুরোধ, দয়া করে মাদক বা অ্যালকোহলে আসক্ত হবেন না। জীবনটা শুধু তোমার নয়, তোমার বাবা-মা এবং প্রিয়জনদের জন্যেও নরক হয়ে উঠতে পারে। তোমার কোনও বন্ধু যদি এগুলো ব্যবহার করে, তবে তাঁদের কাছ থেকে দূরে থাকুন।’
গত মাসে, অভিনেতা-রাজনীতিবিদ থালাপথি বিজয়কে অনুসরণের সময় অভিনেতার প্রায় পাঁচজন ভক্ত আহত হন। গত বছর করুর জেলায় বিজয়ের র্যালির সময় ভিড়ের চাপে ৪১ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছিলেন। সেই কারণেই রাজনীতিতে অভিনেতাদের অনুসরণ করা থেকে তরুণদের দূরে থাকার আহ্বান জানালেন রজনীকান্ত। এরপর ওই সাক্ষাৎকারে অভিনেতাকে বিজয়ের ‘জন নয়গন’-এর বিলম্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি সঙ্গে সঙ্গে বলেন, ‘আমি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।’
বিজয়ের রাজনীতিতে প্রবেশের আগে ভক্তদের জন্য তাঁর শেষ ছবিটি ছিল জয় নয়গান। যেটি পোঙ্গল উপলক্ষে ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু আইনি বিতর্কের কারণে এখনও ছবিটির মুক্তির তারিখ নির্ধারণ হয়নি। রজনীকান্তকে শেষবার লোকেশ কানাগারাজের ‘কুলি’ ছবিতে দেখা গিয়েছিল। এরপর তাঁকে ‘জেলার ২’ এবং কমল হাসানের সঙ্গে একটি ছবিতে দেখা যাবে। ‘জেইলার ২’ একটি অ্যাকশন-কমেডি, যা নেলসনের ২০২৩ সালের হিট ছবি ‘জেলার’-এর সিক্যুয়েল। রজনীকান্ত ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান চরিত্রে ফিরেছেন, এবং রম্যা তাঁর স্ত্রী বিজয়া ‘ভিজি’ পান্ডিয়ানের ভূমিকায় অভিনয় করেছেন।

