নিজস্ব প্রতিনিধিঃ প্রাকৃতিক বিপর্যয়ে তছনছ নেপাল। ভোটেকোশি নদীতে নেমে আসা হড়পা বানের কোপে আকস্মিক বন্যায় ডুবে গিয়েছে নেপালের বহু গ্রাম। খড়কুটোর মতো ভেসে গিয়েছে লোকালয়। কাদা স্তূপের মধ্যে আটকে রয়েছে বহু মূল্যবান ধন-সম্পত্তি। বন্যায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯৩৯। এখনও খোঁজ নেই প্রায় ৩,৯২৫ মানুষের।
তার মধ্যে রয়েছে বহু পর্যটক। বহু মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছেন। আকাশ ও স্থল, উভয়পথেই চলছে উদ্ধারকার্য। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে নেপালের বিপর্যয়ের একের পর এক ভিডিও। যা দেখে রীতিমতো আঁতকে উঠেছে গোটা বিশ্ব। মাত্র সাড়ে ৪ মিনিটের বিপর্যয়ে একপ্রকার ধ্বংস হয়ে গিয়েছে নেপাল। এমন অবস্থায় নেপালের সাহায্যে এগিয়ে আসছে বহু দেশ। ভারত সরকারের তরফ থেকেও সাহায্য পাঠানো হচ্ছে ওই দেশে। ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে গিয়েছেন 'গরীবের মসিহা' সোনু সুদ।
ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্যে নেপালে উড়ে গেলেন অভিনেতা। অভিনেতা তাঁর সফরের কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, যেখানে তিনি ক্ষতিগ্রস্তদের সাহায্যের কিছু ঝলক তুলে ধরেছেন। যে নেটমহলকে মুগ্ধ করেছে। মঙ্গলবার সোনু নেপালে গিয়েছিলেন। বন্যায় বেঁচে যাওয়া মানুষদের নতুন করে জীবন শুরু করার জন্যে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে ছবিগুলি শেয়ার করে অভিনেতা লিখেছেন, 'তাঁরা তাঁদের ঘরবাড়ি, পরিবার, শৈশব হারিয়েছে… কিন্তু আমরা একসঙ্গে তাদের নতুন করে জীবন শুরু করতে সাহায্য করব। নেপাল, তুমি একা নও।'
এরপর একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, 'আমরা বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে এসেছি। ভারত থেকে প্রচুর জিনিসপত্র পাঠিয়েছি। আমরা সকল অভাবী মানুষের পাশে থাকতে ছাই। তাঁদের জীবনকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা করব। আমি মনে করি, নিজ নিজ দায়িত্ব পালন করা প্রত্যেকেরই কর্তব্য। আমরা তাঁদের প্রচুর কম্বল ও খাদ্যসামগ্রী দিয়েছি। আমরা তাদের কী প্রয়োজনে জিজ্ঞাসা করছি। আমরা ভারত থেকে তা পাঠানোর চেষ্টা করব। যদিও ভারত থেকে নেপালে পাঠানোটা একটু কঠিন, কারণ আমাদের লোকবল কম। কিন্তু আমরা সর্বাধিক চেষ্টা করব।' সোনু সুদের এই প্রচেষ্টা সকলেই প্রশংসা করেছেন। একজন লিখেছেন, 'আমাদের নায়ক.. ভারত তোমার জন্য গর্বিত।' আর একজন মন্তব্য করেছেন, 'পর্দার সেরা খলনায়ক। বাস্তব জীবনের নায়ক।'

