অবৈধ নির্মাণ ভাঙতে সকাল থেকেই রাজ্যের জেলায় জেলায় নেমেছে বুলডোজ়ার। মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, হুগলির আরামবাগের পুরশুড়া বুলডোজ়ারে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বেআইনি নির্মাণ।
গত কয়েক বছরে অবৈধ ভাবে বিভিন্ন জায়গায় নির্মাণ হয়েছে। কোথাও জায়গা দখল করে প্রাসাদোপম অট্টালিকা, কোথাও আবাসন, তৃণমূলের পার্টি অফিস, কোথাও আবার রাস্তার ধারে অবৈধ ভাবে বসানো হয়েছে হকার।
এমনকী চোলাই মদের ভাটিও চলছে রমরমিয়ে।
বিজেপি বাংলায় ক্ষমতায় আসার পরেই জানিয়েছিল, বেআইনি নির্মাণ এই সরকার কোনও ভাবেই বরদাস্ত করবে না। নোটিস দিয়ে কাগজ দেখতে চাওয়া হবে। বৈধ কাগজ না থাকলে সেই নির্মাণ ভেঙে দেওয়া হবে।
পালাবদল হতেই 'ভয় আউট', মুখ খুলছেন সাধারণ মানুষ, এ বার গ্রেপ্তার টিটাগড়ের ইনামশনিবার সকালে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে দখল উচ্ছেদে নামানো হয় বুলডোজ়ার। নন্দীগ্রাম থানার আইসি অজয়কুমার মিশ্রের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চলে। অন্যদিকে, মুর্শিদাবাদের বহরমপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে লালদিঘি এলাকায় তৃণমূলের আমলে বেশ কয়েকটি অবৈধ দোকান তৈরি হয় বলে অভিযোগ। সেগুলি মোটা টাকার বিনিময়ে বিক্রিও করা হয় বলে অভিযোগ। এ দিন সকালে সেই দোকানঘরগুলি ভাঙা হয়।
অন্যদিকে হুগলির পুরশুড়ায় রাউতারা এলাকায় বুলডোজ়ার নামিয়ে এ দিন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় একের পরে এক চোলাই মদের ভাটি। ঘটনায় দু'জনকে আটকও করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ ও আবগারি দপ্তর যৌথ ভাবে অভিযান চালায় বলে খবর।

