নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয়বার বাবা মা হতে চলেছেন দক্ষিণী তারকা রাম চরণ এবং উপাসনা কামিনেনি কোনিদেলা। ২০১২ সালে বিয়ে করেছিলেন এই যুগল। ২০২৩ সালে জন্ম নেয় দম্পতি তাদের প্রথম সন্তান। সেবার মেয়ের বাবা হয়েছিলেন দক্ষিণী তারকা। এবার আবার রাম চরণ ও উপাসনা বাবা-মা হতে চলেছেন। উপাসনার গোদভরাই অর্থাৎ সাধের অনুষ্ঠানের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
উপাসনা নিজের সাধের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, "এই দীপাবলি ছিল দ্বিগুণভাবে উদযাপনের, দ্বিগুণ ভালবাসার এবং দ্বিগুণ আশীর্বাদের।" গোদ ভারাই অনুষ্ঠানে বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন অভিনেত্রী নয়নতারা। তিনি এসেছিলেন স্বামী ভিগনেশ শিবান এবং দুই সন্তান উয়ির এবং উলাগের সঙ্গে। নাগার্জুনের পরিবারও এই উৎসবে অংশ নিয়েছিলেন।
রাম চরণের বাবা আর একসময়ের দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী। সব অর্থেই এবার তাঁর জীবনেও দীপাবলি বিশেষ হয়ে এসেছে। উপাসনাই নিজের দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার কথা প্রথম প্রকাশ্যে আনলেন। নীল রঙের সালোয়ার স্যুটে অপূর্ব দেখতে লাগছিল তাঁকে। চোঝে মুখে ছড়িয়ে পড়েছিল দ্বিতীয়বার মা হতে চলার খুশি, জেল্লা।
রাম চরণ এবং উপাসনা সম্প্রতি চলমান আর্চারি প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি বিশ্বের প্রথম আর্চারি প্রিমিয়ার লিগের মাধ্যমে তীরন্দাজির প্রচারের জন্য তারকা দম্পতির সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেছেন। ২০২৩ সালে জন্ম নেয় উপাসনা ও রাম চরণের মেয়ে ক্লিন কারা। মেয়ের মুখ এখনও তাঁরা প্রকাশ্যে আনেননি। এবার দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন তারকা দম্পতি।

