বিনোদন ডেস্ক: বলিউডের গণ্ডি পেরিয়ে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতেও এখন ব্যাপক চাহিদা অভিনেত্রী জাহ্নবী কাপুরের। আর সেই চাহিদার পারদ চড়তেই নিজের পারিশ্রমিক এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিলেন শ্রীদেবী-কন্যা। টলিউড (তেলুগু সিনেমা) সূত্রে খবর, তাঁর আগামী ছবি 'পেদ্দি'-র (Peddi) জন্য রেকর্ড টাকা নিচ্ছেন জাহ্নবী।
সোশ্যাল মিডিয়ায় তাঁর পারিশ্রমিক 'ডবল' বা দ্বিগুণ হওয়ার গুঞ্জন ছড়ালেও, আসল তথ্য হলো তাঁর পারিশ্রমিক বেড়েছে প্রায় ৫০ শতাংশ। আর তাতেই কেরিয়ারের সর্বোচ্চ অঙ্কের পারিশ্রমিক পকেটে পুরছেন তিনি। জানা গেছে, 'পেদ্দি' সিনেমার জন্য জাহ্নবীকে দেওয়া হচ্ছে প্রায় ৮ কোটি টাকা। এর আগে জুনিয়র এনটিআর-এর বিপরীতে 'দেভারা' (Devara) ছবির জন্য তিনি ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।
যদিও জাহ্নবীর অভিনয় দক্ষতা নিয়ে মাঝেমধ্যেই সিনেমা প্রেমীদের সমালোচনার মুখে পড়তে হয়, তবে কাজের জায়গায় তাঁর ডেডিকেশন ও পেশাদারিত্বের প্রশংসা করেন সব পরিচালক-প্রযোজকই। শুটিং সেটে তাঁর এই দুর্দান্ত ব্যবহারের কারণেই একের পর এক বড় প্রজেক্ট এখন জাহ্নবীর ঝুলিতে।

