কলকাতা: গত দুই দশকের রেকর্ড ভেঙে একসঙ্গে আটজন নতুন বিচারপতি পেতে চলেছে কলকাতা হাইকোর্ট। রাষ্ট্রপতি ভবন থেকে ইতিমধ্যেই এই আটজনের নিয়োগে চূড়ান্ত সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবারই নতুন বিচারপতিরা শপথ গ্রহণ করতে পারেন।
উল্লেখ্য, গত ১২ মে সুপ্রিম কোর্টের কলেজিয়াম নয়জন আইনজীবীর নাম কেন্দ্র সরকারের কাছে সুপারিশ করেছিল।
তার মধ্যে থেকেই আটজনের নিয়োগ নিশ্চিত করা হলো। নতুন এই বিচারপতিরা শপথ নিলে কলকাতা হাইকোর্টে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৯-এ (যদিও মোট মঞ্জুরিকৃত পদের সংখ্যা ৭২)।
যাঁরা বিচারপতি হিসেবে শপথ নিচ্ছেন:
- আর্যক দত্ত
- অতরূপ বন্দ্যোপাধ্যায়
- সন্দীপ দে
- পার্থসারথি রায়
- সুদীপ দেব
- অনুজ সিং
- অর্জুন রায় মুখোপাধ্যায়
- নিষাদ মেদেরা
আইনজীবী মহলের মতে, এই নতুন নিয়োগের ফলে হাইকোর্টের মামলার দীর্ঘসূত্রতা এবং শূন্যপদের সমস্যা কিছুটা হলেও লাঘব হবে। বর্তমানে কলকাতা হাইকোর্টের মূল বেঞ্চ ছাড়াও জলপাইগুড়ি ও পোর্ট ব্লেয়ার (আন্দামান) সার্কিট বেঞ্চ নিয়মিত চালু রাখতে গিয়ে বিচারপতিদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছিল। সেখানে নিয়মিত বিরতিতে বিচারপতিদের পাঠাতে হয়। তাই এই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের বিচারব্যবস্থায় বড় স্বস্তি এনে দেবে বলে আশা করা হচ্ছে।

