Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বালুরঘাটে সুকান্তের অতিথি শুভেন্দু, মেনুতে স্থানীয় 'রাইখয়রা' ও ইলিশের চমক!

বালুরঘাটে সুকান্তের অতিথি শুভেন্দু, মেনুতে স্থানীয় 'রাইখয়রা' ও ইলিশের চমক!

এক ঝলক 1 week ago

বালুরঘাট: প্রশাসনিক সফর ও একগুচ্ছ উদ্বোধন কর্মসূচিতে যোগ দিতে বুধবার বালুরঘাটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই সফরের মূল আকর্ষণ রাজ্য রাজনীতির সৌজন্যের এক ভিন্ন ছবি। সফরে কেন্দ্রীয় মন্ত্রী তথা স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী।

পদে আসীন হওয়ার পর সুকান্তের বাসভবনে শুভেন্দুর এটিই প্রথম সফর।

এমতাবস্থায় ভিআইপি অতিথির আপ্যায়নে মেনুতে রাখা হয়েছে বিশেষ চমক। সুকান্ত মজুমদার নিজেই জানিয়েছেন, অন্যান্য বাঙালিদের মতো মুখ্যমন্ত্রীও মাছে-ভাতে বাঙালি। তাই তাঁর দুপুরের আহারে প্রাধান্য পাচ্ছে বিশেষ কয়েক পদের মাছ। সুকান্তের বাড়িতে শুভেন্দুর পাতে পরিবেশন করা হবে স্থানীয় নদীর বিশেষ স্বাদু মাছ 'রাইখোর' বা 'রাইখয়রা'। বাটা জাতীয় ছোট কিন্তু অত্যন্ত সুস্বাদু এই মাছ মিষ্টি জলে জন্মায়। এর পাশাপাশি মেনুতে থাকছে ইলিশ মাছও। তবে রাইখয়রা মাছের ঝাল নাকি অন্য কোনো প্রথাগত রেসিপি তৈরি হচ্ছে, তা অবশ্য ভাঙেননি সুকান্ত।

উল্লেখ্য, বুধবার বালুরঘাটে একগুচ্ছ পর্যালোচনা বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। দক্ষিণ দিনাজপুর জেলা ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের অনুমোদিত ও প্রস্তাবিত উন্নয়নমূলক প্রকল্পগুলি খতিয়ে দেখবেন তিনি। শপথ নেওয়ার পর প্রথমবার বালুরঘাট আগমন উপলক্ষেই মুখ্যমন্ত্রীকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন সুকান্ত। সেই নিমন্ত্রণ গ্রহণও করেছেন শুভেন্দু। এই সাক্ষাৎকে সম্পূর্ণ অরাজনৈতিক হিসেবে তুলে ধরে সুকান্ত বলেন, "আর পাঁচটা বাড়িতে যেমন আত্মীয়-স্বজন আসেন, এ ঘটনাও ঠিক তেমনই।"

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak