Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিছানা-আলমারি জুড়ে শুধুই নোটের পাহাড়! এবার মালদহে ব্যবসায়ীর গোপন ডেরায় টাকার মেগা তল্লাশি!

বিছানা-আলমারি জুড়ে শুধুই নোটের পাহাড়! এবার মালদহে ব্যবসায়ীর গোপন ডেরায় টাকার মেগা তল্লাশি!

এক ঝলক 1 week ago

নিজস্ব সংবাদদাতা, মালদহ: বীরভূমের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মালদহে উদ্ধার হলো টাকার পাহাড়! বেআইনি কাফসিরাপ পাচারচক্রের তদন্তে নেমে রবিবারে এক ব্যবসায়ীর গোপন আস্তানায় অভিযান চালায় পুলিশ। আর সেখানে প্রবেশ করতেই চোখ কপালে ওঠার জোগাড় তদন্তকারীদের-বিছানা থেকে শুরু করে আলমারি, চতুর্দিকে শুধু থরে থরে সাজানো নোটের বান্ডিল!

তদন্তে কীভাবে মিলল হদিশ?

কয়েকদিন আগে দক্ষিণ দিনাজপুরে বেআইনি কাফসিরাপ পাচারের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে মালদহের ওল্ড মালদহ থানার মঙ্গলবাড়ি এলাকার একটি আবাসনের নাম। রবিবার ধৃতদের সাথে নিয়ে সেই নির্দিষ্ট ঠিকানায় হানা দেয় পুলিশের একটি বিশেষ দল।

গোপন ডেরায় বিপুল নোটের পাহাড়

অভিযানে নেমে পুলিশ দেখতে পায়, আবাসনটি মূলত কাফসিরাপ পাচারের কোটি কোটি টাকা লুকিয়ে রাখার 'ভল্ট' হিসেবে ব্যবহার করা হতো। ঘর থেকে বিপুল পরিমাণ কাফসিরাপের সাথে বিপুল অঙ্কের নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। টাকা গণনার জন্য তড়িঘড়ি আনা হয়েছে একাধিক নোট গোনার মেশিন। শেষ পাওয়া খবর অনুযায়ী, টানা তল্লাশি ও গোনার কাজ জারি রয়েছে।

প্রশাসনের বক্তব্য ও জল্পনা

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপি বিধায়ক অম্লান ভাদুরি জানান, "অপরাধী যেই হোক না কেন, কেউ ছাড় পাবে না। পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে এবং অপরাধীরা উপযুক্ত শাস্তি পাবে।"

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত ব্যবসায়ী স্রেফ পাচারের টাকা নিরাপদ হেফাজতে রাতেই ঘরটি ভাড়া নিয়েছিলেন। তবে এই আবাসন মালিকের সাথে কোনো যোগসাজশ ছিল কি না এবং এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak