Dailyhunt
বিরামহীন স্নায়ুর লড়াই! বিধাননগরে স্ট্রংরুমের বাইরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি

বিরামহীন স্নায়ুর লড়াই! বিধাননগরে স্ট্রংরুমের বাইরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি

এক ঝলক 5 days ago

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার প্রাক্কালে স্ট্রংরুমের নিরাপত্তা ও ক্যাম্প অফিস স্থাপনকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো বিধাননগরে। শনিবার রাতে স্ট্রংরুমের বাইরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে শুরু হওয়া বাগ্‌বিতণ্ডা দ্রুত হাতাহাতি ও স্লোগান-পাল্টা স্লোগানে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ এবং মাইকিং করতে হয়। বর্তমানে এলাকায় ব্যাপক পুলিশি মোতায়েন থাকলেও দু'পক্ষের মধ্যেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

তাঁবু ও পতাকা ঘিরে সংঘাতের সূত্রপাত

ঘটনার মূলে রয়েছে স্ট্রংরুমের বাইরে রাজনৈতিক দলগুলোর অস্থায়ী ক্যাম্প অফিস। বিজেপির অভিযোগ, তাদের জন্য নির্ধারিত তাঁবুতে জোরপূর্বক দলীয় পতাকা লাগিয়ে দিয়েছে তৃণমূলের কর্মী-সমর্থকেরা। অন্যদিকে, তৃণমূলের দাবি, স্ট্রংরুমের বাইরে তাঁবু বণ্টনের ক্ষেত্রে বিজেপি একতরফা সিদ্ধান্ত নিয়েছে এবং শাসক দলকে কোনো জায়গা দেওয়া হয়নি। এই তর্কের মাঝেই রাজারহাট নিউটাউন কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করলেও তৃণমূল কর্মীরা শান্তি বজায় রাখতে পুলিশকে সহযোগিতা করেছে।

রাজ্যজুড়ে স্ট্রংরুম ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

কেবল বিধাননগর নয়, ভোটের ফল প্রকাশের আগে ইভিএম-এর নিরাপত্তা নিয়ে রাজ্যজুড়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে দড়ি টানাটানি তুঙ্গে। এর আগে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রংরুম ঘিরেও ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাহারায় বসতে দেখা যায়। বারাসতেও সিসিটিভি মনিটর বন্ধ হওয়া নিয়ে কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত তৈরি হয়েছে। এই ধারাবাহিক উত্তেজনার আবহে রবিবার সকাল থেকে সব স্ট্রংরুমের বাইরে বিজেপি মহিলা মোর্চার অবস্থান কর্মসূচি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak