Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ডাবরের মধু-ঘিতে কড়া পদক্ষেপ FSSAI-এর! '১০০% খাঁটি' দাবি করা পণ্যের বিক্রি বন্ধের নির্দেশ

ডাবরের মধু-ঘিতে কড়া পদক্ষেপ FSSAI-এর! '১০০% খাঁটি' দাবি করা পণ্যের বিক্রি বন্ধের নির্দেশ

এক ঝলক 1 week ago

লকাতা: দেশের শীর্ষস্থানীয় FMCG সংস্থা ডাবর ইন্ডিয়ার (Dabur India) বিরুদ্ধে বড়সড় ও কঠোর পদক্ষেপ গ্রহণ করল ভারতের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা 'FSSAI' (Food Safety and Standards Authority of India)। '১০০% পিওর' (100% Pure), '১০০% ন্যাচারাল' (100% Natural) কিংবা '১০০% অর্গানিক' (100% Organic)-এমন বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত দাবি করে বাজারে বিক্রি হওয়া ডাবরের একাধিক পণ্যের বিক্রি অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

কোন কোন পণ্যের ওপর নামল নিষেধাজ্ঞা? FSSAI-এর নির্দেশিকা অনুযায়ী, ডাবরের জনপ্রিয় বেশ কিছু প্রোডাক্ট এই নিষেধাজ্ঞার মুখে পড়েছে। এর মধ্যে রয়েছে:

  • ডাবর মধু (Dabur Honey) ও অর্গানিক মধু
  • গোরুর দুধের তৈরি ঘি (Cow Ghee)
  • হিমালয়ান অর্গানিক অ্যাপল সিডার ভিনিগার (Apple Cider Vinegar)
  • ভার্জিন কোকোনাট অয়েল ও কোকোনাট মিল্ক (Coconut Milk)
  • তিলের তেল (Sesame Oil) এবং ডাবের জল (Coconut Water)

ঠিক কী অভিযোগ FSSAI-এর? নিয়ামক সংস্থার বক্তব্য, খাদ্যপণ্যের গায়ে বা ওয়েবসাইটে এই ধরণের '১০০% খাঁটি' বা 'অর্গানিক' দাবি করা খাদ্য নিরাপত্তা আইন (Food Safety and Standards Regulations, 2018)-এর পরিপন্থী। এই ধরণের দাবি উপভোক্তাদের বিভ্রান্ত করে এবং এর সঠিক যাচাই সম্ভব নয়।

এছাড়াও বেশ কিছু গুরুতর অনিয়ম চিহ্নিত করা হয়েছে: ১. বেআইনি লোগো ব্যবহার: বৈধ অনুমোদন ছাড়াই ডাবর হিমালয়ান অর্গানিক অ্যাপল সিডার ভিনিগার এবং অর্গানিক মধুর মোড়কে 'জৈবিক ভারত' (Jaivik Bharat) লোগো ব্যবহার করা হয়েছে। ২. নিয়ম লঙ্ঘন: 'ডাবর হোমমেড কোকোনাট মিল্ক'-এর ক্ষেত্রে '১০০% পিওর' লেখা হয়েছে, যা একটি কম্পাউন্ড বা যৌগিক খাদ্যের ক্ষেত্রে আইনত সম্পূর্ণ নিষিদ্ধ।

FSSAI জানিয়েছে, এর আগেও ডাবরকে সতর্ক করে নোটিস পাঠানো হয়েছিল, কিন্তু সংস্থা সন্তোষজনক পরিবর্তন না করায় এ বার কড়া পদক্ষেপে বাধ্য হয়েছে কেন্দ্র।

১৫ দিনের মধ্যে অ্যাকশন রিপোর্টের নির্দেশ: চিহ্নিত সবকটি পণ্যের বিক্রি অবিলম্বে বন্ধ করার পাশাপাশি, আগামী ১৫ দিনের মধ্যে 'অ্যাকশন টেকেন রিপোর্ট' (ATR) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডাবর কর্তৃপক্ষকে। একই সাথে, এই জাতীয় বিভ্রান্তিকর দাবিযুক্ত অন্য কোনও পণ্য থাকলেও তা-ও বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কী সাফাই দিচ্ছে ডাবর? FSSAI-এর কড়া পদক্ষেপের পর ডাবর ইন্ডিয়া লিমিটেড জানিয়েছে, তারা সর্বদা দায়িত্বশীল কর্পোরেট সংস্থা হিসেবে আইন মেনে কাজ করে। তাদের পণ্যের গুণমান ও বিশুদ্ধতা নিয়ে তারা সম্পূর্ণ আশ্বস্ত। তবে FSSAI-এর নোটিস পাওয়ার পর থেকেই তারা তাদের পণ্যের প্যাকেজিং, ওয়েবসাইট ও বিজ্ঞাপন থেকে '১০০%' জাতীয় দাবি সরানোর কাজ শুরু করে দিয়েছিল এবং অধিকাংশ পণ্যের ক্ষেত্রে এই পরিবর্তন ইতিমধ্যেই করে ফেলা হয়েছে।

গ্রাহক সুরক্ষায় কড়া বার্তা: সম্প্রতি বাজারে ভেজাল রুখতে এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভ্রান্তিকর বিজ্ঞাপনে লাগাম টানতে দেশজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে FSSAI। এর আগে বিভিন্ন এনার্জি ড্রিঙ্ক ও অন্যান্য প্যাকেটজাত খাদ্য প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়েছিল। দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড ডাবরের বিরুদ্ধে এই নির্দেশ স্পষ্ট করে দিচ্ছে যে, গ্রাহক স্বার্থ ক্ষুণ্ণ হলে আর কাউকেই ছাড় দেওয়া হবে না।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak