দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা পরিষদ থেকে ছেঁটে ফেলা হল চীনের প্রভাবশালী জেনারেল ঝাও জোংচিকে। ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের প্রাক্তন এই প্রধানের নির্দেশেই ২০১৭ সালের ডোকলাম অচলাবস্থা এবং ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘাতের সময় কাজ করেছিল চীনা সেনা।
১৯৫৫ সালে জন্ম ঝাও-এর। মাত্র ১৬ বছর বয়সে লালফৌজে (পিএলএ) যোগ দেন তিনি। ১৯৭৯ সালের চীন-ভিয়েতনাম যুদ্ধে সক্রিয় ভূমিকা নেওয়ার পাশাপাশি তানজানিয়ায় চীনা দূতাবাসের মিলিটারী অ্যাটাশে ও সেন্ট্রাল কমিটির সদস্যসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান এই সেনাকর্তা। সেনাজীবনের বাইরে ছবি তুলতে ভালোবাসতেন তিনি এবং একটি জনপ্রিয় চীনা টিভি ধারাবাহিকের সামরিক উপদেষ্টাও ছিলেন।
অন্যদিকে, শৃঙ্খলা ও আইনভঙ্গের অভিযোগে সেন্ট্রাল মিলিটারি কমিশন থেকে ভাইস চেয়ারম্যান ঝাং ইউশিয়া ও জয়েন্ট স্টাফ প্রধান লিউ ঝেনলিকেও বরখাস্ত করা হয়েছে। এই নজিরবিহীন ছাঁটাইয়ের পর প্রেসিডেন্ট শি জিনপিং-সহ শক্তিশালী ওই সামরিক কমিশনে এখন মাত্র দু'জন সদস্যই অবশিষ্ট রইলেন। বিশেষজ্ঞদের মতে, এই কঠোর পদক্ষেপের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ ও সামরিক প্রশাসনে নিজের নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় করতে চাইলেন শি জিনপিং।

