কলকাতা: তোলাবাজির গুরুতর অভিযোগে জেলবন্দি তৃণমূলের প্রভাবশালী নেতা সব্যসাচী দত্তের আইনি লড়াইয়ে বড় ধাক্কা। ফের একবার তাঁর জামিনের আর্জি খারিজ করে দিল বারাসাত আদালত। জানা গেছে, আগামী ১৭ আগস্ট পর্যন্ত তাঁকে জেল হেফাজতেই থাকতে হবে।
সল্টলেক এলাকার এই নেতার বিরুদ্ধে ব্যবসায়ী ও প্রোমোটারদের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা তোলাবাজি এবং সেই টাকায় বিপুল সম্পত্তি করার অভিযোগ রয়েছে।
এর আগে তাঁর বাড়ি ও লকারে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি সোনা, দেড় কেজি রূপো এবং ব্যাংক অ্যাকাউন্টে প্রায় দেড় কোটি টাকার সন্ধান পেয়েছিলেন তদন্তকারীরা।
বারাসাত আদালতে পুলিশ এই মামলার তদন্তে ১৭৫৭ পাতার দীর্ঘ ও বিস্ফোরক চার্জশিট জমা দিয়েছে। জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী দাবি করেন, জেলে বন্দি থাকা সত্ত্বেও সব্যসাচী মামলাকারীকে লাগাতার প্রচ্ছন্ন হুমকি দিয়ে ভয় দেখাচ্ছেন। এই যুক্তিতেই আদালত তাঁর জামিন নাকচ করে দেয়।
উল্লেখ্য, এই মামলার অন্যতম অভিযুক্ত বিদ্যুৎ গাঙ্গুলি শারীরিক অসুস্থতার কারণে অন্তর্বর্তীকালীন জামিন পেলেও, সব্যসাচী দত্তের ক্ষেত্রে আদালত কোনো স্বস্তি দেয়নি। ১৭ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

