Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কিইভে মধ্যরাতে রাশিয়ার তাণ্ডব: মিসাইল ও ড্রোন হামলায় নিহত ১, আহত এক ডজন

কিইভে মধ্যরাতে রাশিয়ার তাণ্ডব: মিসাইল ও ড্রোন হামলায় নিহত ১, আহত এক ডজন

এক ঝলক 4 days ago

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ থামার কোনো লক্ষণই নেই; বরং দিন দিন তা আরও ভয়াবহ রূপ নিচ্ছে। সম্প্রতি রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলের জনপ্রিয় পর্যটনকেন্দ্র গেলেনঝিকের রিসর্ট এলাকায় ড্রোন হামলা চালায় ইউক্রেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কিয়েভে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

বুধবার সকালে ইউক্রেনীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, মঙ্গলবার গভীর রাতে চালানো এই হামলায় এক নারী প্রাণ হারিয়েছেন এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো। কিয়েভ সামরিক প্রশাসনের তথ্যমতে, রাশিয়ার এই হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও গুদামঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, কয়েক দিন আগেই রাশিয়ার গেলেনঝিক অঞ্চলের রিসর্ট এলাকায় ড্রোন হামলায় ৩ শিশুসহ ৭ জন নিহত এবং প্রায় ৪০ জন আহত হন। মস্কোর দাবি, ইউক্রেন সাধারণ মানুষকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছিল। এরপর থেকেই দুই দেশের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে।

পরিস্থিতি পর্যালোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি অভিযোগ করেন, "রাশিয়ার যুদ্ধ থামানোর কোনো সদিচ্ছা নেই।" তিনি স্পষ্ট জানান, ইউক্রেন কূটনৈতিক চাপ ও সামরিক কৌশলের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এএফপি-র বিশ্লেষণ অনুযায়ী, গত জুলাই মাসেই রাশিয়া তাদের ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরিমাণ দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে, যা এই যুদ্ধের ভয়াবহতা আরও বাড়িয়ে তুলছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak