টলিউডে ইন্দ্রপতন। দীর্ঘ লড়াইয়ের পর মারণ রোগ ক্যানসারের কাছে হার মানলেন প্রবীণ অভিনেত্রী শ্রাবণী বণিক। তরুণ মজুমদারের 'আলো' থেকে শুরু করে 'গোধূলি আলাপ'-তাঁর দাপুটে অভিনয় ও অমায়িক ব্যবহার আজ কেবল স্মৃতি। ফুসফুসে মারণ রোগ নিয়েও শেষদিন পর্যন্ত শুটিং ফ্লোরে কাজ করে গিয়েছেন এই লড়াকু শিল্পী।
অরিজিতা মুখোপাধ্যায় থেকে ভাস্বর চট্টোপাধ্যায়, তাঁর মৃত্যুতে শোকাতুর সহকর্মীরা স্মৃতিচারণায় ফিরে দেখছেন অভিনেত্রীর অদম্য জেদ ও সৌজন্যবোধকে।
আর্থিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ে সম্প্রতি তাঁর পরিবার সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন জানিয়েছিল। কিন্তু বছর শেষের আগেই সব লড়াই থামিয়ে না ফেরার দেশে চলে গেলেন শ্রাবণী। টলিপাড়ার জুনিয়র থেকে সিনিয়র, প্রত্যেকের কাছেই তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধার এবং প্রিয় 'শ্রাবণীদি'। শিল্পীর প্রয়াণে বিনোদন জগতে তৈরি হলো এক বিশাল শূন্যতা, যা পূরণ হওয়ার নয়। ব্যক্তিগত শোক লুকিয়ে হাসিমুখে অভিনয় করা এই 'রং মাখা জাত' হারালো এক প্রকৃত গুণী মানুষকে।

