Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিক্ষোভের জের: তেলঙ্গানার থানায় এফআইআর, সমন কৃষ্ণনগরের বিজেপি নেতাকে!

মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিক্ষোভের জের: তেলঙ্গানার থানায় এফআইআর, সমন কৃষ্ণনগরের বিজেপি নেতাকে!

এক ঝলক 1 week ago

কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ্য করে বিক্ষোভ দেখানোর ঘটনায় এবার ভিন রাজ্যের পুলিশের নাম জড়াল। কৃষ্ণনগর শহর যুব মোর্চার সভাপতি রাজু রক্ষিতের বিরুদ্ধে তেলঙ্গানার সেকেন্দ্রাবাদের মহানকালী থানায় একটি লিখিত এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে সরাসরি তলবও করেছে।

ঘটনার সূত্রপাত গত ১৪ অগস্ট রাতে। অভিযোগ, কৃষ্ণনগর সার্কিট হাউজের গেটের সামনে মহুয়া মৈত্রকে ঘেরাও করে বিক্ষোভ দেখান যুব মোর্চার সদস্যরা। এরপরই ২০ অগস্ট সেকেন্দ্রাবাদের থানায় রাজুর বিরুদ্ধে মামলা হয়। ৩০ অগস্ট কৃষ্ণনগর কোতোয়ালি থানার মাধ্যমে রাজু রক্ষিতের বাড়িতে সমন পৌঁছে দেওয়া হয়, যেখানে ৩১ অগস্টের মধ্যে সেকেন্দ্রাবাদে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন যুব মোর্চা নেতা রাজু রক্ষিত। তাঁর দাবি, তাঁরা সার্কিট হাউজের ভিতরে প্রবেশ করেননি বা সাংসদের মুখোমুখিও হননি। কেবল রাস্তার ওপর দাঁড়িয়ে 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয়েছিল। মাত্র একদিন সময় হাতে পাওয়ায় তিনি হাজিরা দিতে যেতে পারেননি জানিয়ে রাজু বলেন, "বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে এবং আমরা এটি আইনি পথেই মোকাবিলা করব।"

অন্যদিকে, এই বিষয়ে নদিয়ার চাপড়ায় মহুয়া মৈত্রকে প্রতিক্রিয়া জিজ্ঞেস করা হলে তিনি কোনো কথা বলেননি। তবে বিজেপির কৃষ্ণনগর সাংগঠনিক প্রচার সচিব সন্দীপ মজুমদার অভিযোগ করেছেন যে, সাংসদ মহুয়া মৈত্র সস্তা প্রচার ও বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের পদক্ষেপ করছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak