সোশ্যাল মিডিয়ায় শিশুদের আপত্তিকর কনটেন্ট (CSAM), ডিপফেক ভিডিও এবং প্ল্যাটফর্মের প্রযুক্তিগত ত্রুটি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের চরম অসন্তোষের মুখে পড়েছে মেটা। সম্প্রতি কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে মেটা কর্তৃপক্ষের এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্রের খবর, এই বৈঠকেই মেটা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সরানোর বিষয়ে প্রযুক্তিগত ত্রুটি এবং নির্দিষ্ট কিছু কনটেন্ট ছড়াতে বিপুল অর্থ খরচের বিষয়টি ভুল ছিল বলে মেনে নেয় মেটা কর্তৃপক্ষ।
তবে কেবল ক্ষমাপ্রার্থনাতেই ক্ষান্ত হয়নি মোদি সরকার। কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, মেটা যদি অ্যালগরিদমের মাধ্যমে নিজেরাই ঠিক করে কোন ব্যবহারকারী কী কনটেন্ট দেখবেন, তবে তাদের আর নিছক 'মধ্যস্থতাকারী' (Intermediary) বলা চলে না। সে ক্ষেত্রে ভারতের তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী মেটা তাদের 'সেফ হারবার' (Safe Harbor) বা আইনি সুরক্ষার অধিকার হারাতে পারে। এই বৈঠকের পর ভারতের বাজারে মেটার ওপর সরকারি নিয়ন্ত্রণ ও নজরদারি আরও কড়া হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

