Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
প্রযুক্তির হাত ধরে বাংলায় প্রথম স্ব-শুমারি, শিশির অধিকারীকে দিয়ে শুরু কাজ

প্রযুক্তির হাত ধরে বাংলায় প্রথম স্ব-শুমারি, শিশির অধিকারীকে দিয়ে শুরু কাজ

এক ঝলক 1 week ago

শ্চিমবঙ্গ জুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ২০২৬ সালের ডিজিটাল জনগণনা কর্মসূচি। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার পর, শনিবার থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে এই কাজ। এই প্রথমবার নাগরিকেরা নিজস্ব পোর্টালে ডিজিটাল পদ্ধতিতে নিজেদের তথ্য নথিবদ্ধ বা 'স্ব-শুমারি' (Self-Enumeration) করতে পারবেন।

পূর্ব মেদিনীপুর জেলায় এই কর্মসূচির সূচনা হয়েছে কাঁথিতে মুখ্যমন্ত্রীর বাসভবন 'শান্তিকুঞ্জ' থেকে। সেখানে উপস্থিত হয়ে প্রশাসনের আধিকারিকরা প্রবীণ রাজনীতিক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারীর মাধ্যমে ডিজিটাল তথ্য নথিভুক্তিকরণের সূচনা করেন। সেই সময় কাঁথির বাসভবনে উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, সেচমন্ত্রী অরূপ দাস, মহকুমাশাসক অশোক ধুমাল এবং বিধায়ক দিব্যেন্দু অধিকারী।

প্রবীণ নেতা শিশির অধিকারী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এই ডিজিটাল শুমারির সূচনা করেছেন। আর আমার জেলায় প্রশাসনের কর্তারা আমার হাত ধরেই এই কাজের সূচনা করলেন। একইভাবে প্রতিটি প্রবীণ নাগরিকের কাছে প্রশাসনের প্রতিনিধিরা পৌঁছে যাবেন।"

কীভাবে সম্পন্ন হবে প্রথম পর্যায়ের এই প্রক্রিয়া?

  • ১৫ অগস্ট পর্যন্ত স্ব-শুমারি: আগামী ১৫ অগস্ট পর্যন্ত নাগরিকেরা পোর্টালে গিয়ে নিজেরা নিজেদের তথ্য আপলোড করতে পারবেন।
  • এসই আইডি (SE ID) যাচাই: শিশির অধিকারীর নামে কলকাতা থেকে জেনারেট হওয়া ১১ অঙ্কের বিশেষ 'এসই আইডি' সংগৃহীত হয়েছে। ১৫ অগস্টের মধ্যে এনুমেটররা পুনরায় শান্তিকুঞ্জে গিয়ে তথ্যগুলো যাচাই করে মূল সরকারি সার্ভারে আপলোড করবেন।
  • গৃহগণনা ও পরিকাঠামোর তথ্য (১৬ অগস্ট - ১৪ সেপ্টেম্বর): ১৬ অগস্ট থেকে শুরু হবে বাড়ি তালিকাভুক্তি ও গৃহগণনার কাজ। এই পর্বে পরিবারের অর্থনৈতিক অবস্থা, পানীয় জল, বিদ্যুৎ, শৌচাগার, ইন্টারনেট এবং গাড়ির মতো বিভিন্ন সম্পদের তথ্য সংগ্রহ করা হবে।

প্রশাসন সূত্রের খবর, আগামী বছরের (২০২৭) ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে জনগণনার দ্বিতীয় পর্যায়। সেখানে পরিবারের সদস্যদের নাম, বয়স, লিঙ্গ, জাতি ও ধর্মসংক্রান্ত চূড়ান্ত তথ্য সংগ্রহ করে দেশের প্রকৃত জনসংখ্যা নির্ধারণ করা হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak