পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফুটল। মঙ্গলবার মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের অর্থ দপ্তর। ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে রাজ্য সরকারি কর্মচারীরা তাঁদের মূল বেতনের ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন। শুধু কর্মরত কর্মচারীই নন, সমপরিমাণ হারে মহার্ঘ ত্রাণ (DR) পাবেন রাজ্য সরকারের সমস্ত পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরাও।
উল্লেখ্য, সম্প্রতি বাজেট পেশের সময় ডিএ বৃদ্ধির এই ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার নবান্নের অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে তাতেই চূড়ান্ত সিলমোহর দেওয়া হলো।
এক নজরে নতুন ডিএ-এর গুরুত্বপূর্ণ তথ্য:
- কারা সুবিধা পাবেন? রাজ্য সরকারি কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা, পুরনিগম, সরকারি সংস্থা এবং স্থানীয় স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা।
- নতুন ডিএ/ডিআরের হার: মূল বেতনের ৩৮ শতাংশ (বর্তমানে পান ১৮%, বাজেট ঘোষণার অতিরিক্ত ২০% যোগ হয়ে মোট ৩৮% হচ্ছে)।
- কবে থেকে কার্যকর? ১ অক্টোবর, ২০২৬ থেকে।
- হিসাবের নিয়ম: ডিএ কেবল সংশোধিত মূল বেতন (Basic Pay) এবং প্রযোজ্য ক্ষেত্রে নন-প্র্যাকটিসিং অ্যালাউন্স (NPA)-এর ওপর নির্ধারিত হবে। অন্য কোনও ভাতার ওপর এটি কার্যকর হবে না। হিসাবের টাকা নিকটতম পূর্ণ টাকায় (Round Off) ধরা হবে।
পেনশনভোগী ও অন্যান্য কর্মীদের জন্য বিশেষ ঘোষণা:
১. পেনশনভোগীদের জন্য: ১ অক্টোবর থেকে রাজ্য সরকারের পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরা তাঁদের সংশোধিত পেনশনের ৩৮ শতাংশ হারে ডিআর পাবেন।
২. পঞ্চম বেতন কমিশনের অধীনস্থ কর্মী: যাঁরা এখনও পঞ্চম বেতন কমিশনের আওতায় বেতন পান, তাঁদের ডিএ ১৭১% থেকে বাড়িয়ে একলাফে ২২৩% করা হয়েছে।
৩. রোপা-২০০৯ অনুযায়ী অ-সংশোধিত পেনশন: রোপা ২০০৯ অনুযায়ী যাঁরা এখনও সংশোধিত হারে পেনশন পান না, তাঁরা নতুন সংশোধন কার্যকর না হওয়া পর্যন্ত ২২৩% হারেই ডিআর পেতে থাকবেন।
৪. দৈনিক মজুরি ভিত্তিক কর্মী: ন্যূনতম মজুরি আইনের আওতায় না থাকা দৈনিক মজুরি ভিত্তিক কর্মীদের পারিশ্রমিক আগামী ১ অক্টোবর থেকে প্রতিদিনের জন্য ১১০ টাকা বৃদ্ধি পাচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বায়ত্তশাসিত ও সরকারি সংস্থাগুলিকে এই অতিরিক্ত ডিএ-এর খরচ নিজেদের তহবিল থেকেই বহন করতে হবে; এর জন্য আলাদা কোনও সরকারি অনুদান মিলবে না। প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলি পুজোর মাস থেকেই কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে এই বাড়তি টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

