Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রাজ্যে সাংবিধানিক সংকট! বাংলায় রাষ্ট্রপতি শাসন নিয়ে বড় খবর

রাজ্যে সাংবিধানিক সংকট! বাংলায় রাষ্ট্রপতি শাসন নিয়ে বড় খবর

এক ঝলক 1 week ago

নির্বাচনে পরাজয় সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না করার সিদ্ধান্তে পশ্চিমবঙ্গ এক নজিরবিহীন সাংবিধানিক সংকটের মুখে দাঁড়িয়ে। আজ রাত ১২টায় বর্তমান রাজ্য সরকারের মেয়াদের সময়সীমা শেষ হচ্ছে, অন্যদিকে নতুন সরকারের শপথগ্রহণ নির্ধারিত রয়েছে আগামী শনিবার সকালে। এই মধ্যবর্তী সময়ের প্রশাসনিক শূন্যতা সামাল দিতে রাজ্যে ৩৫৬ ধারা বা রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

কেন এই আইনি জটিলতা?

সাধারণত নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিদায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত 'কেয়ারটেকার' বা তদারকি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলান। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গণনায় কারচুপির অভিযোগ তুলে ইস্তফা না দেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন। আজ রাত ১২টার পর তাঁর সরকারের আইনি মেয়াদ শেষ হয়ে গেলে রাজ্যে কোনও বৈধ মন্ত্রিসভা থাকবে না। ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে মুখ্যমন্ত্রীর এই অবস্থানকে 'অসাংবিধানিক' এবং 'নজিরবিহীন' বলে বর্ণনা করছেন অনেক আইনজ্ঞ।

রাজ্যপালের ভূমিকা ও রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা

আইনজ্ঞদের মতে, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার পর এবং নতুন সরকার শপথ নেওয়ার আগে যে সময়টুকু রয়েছে, সেখানে প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখতে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাষ্ট্রপতির কাছে বিশেষ রিপোর্ট পাঠাতে পারেন। যেহেতু রাজ্যে এখন কোনও বৈধ সরকার নেই, তাই এই ২৪ ঘণ্টারও বেশি সময় রাজ্যের শাসনভার সরাসরি রাষ্ট্রপতির হাতে চলে যেতে পারে। এটি কার্যকর হলে, শনিবার নতুন মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার মুহূর্ত পর্যন্ত রাজভবনই হবে রাজ্যের প্রধান প্রশাসনিক কেন্দ্র।

প্রশাসনিক স্তরে চরম উৎকণ্ঠা

এই সাংবিধানিক অচলাবস্থার জেরে নবান্ন থেকে শুরু করে জেলা প্রশাসন-সব স্তরেই চরম বিভ্রান্তি তৈরি হয়েছে। মেয়াদের শেষে মুখ্যমন্ত্রীর এই অনড় অবস্থান আগামী দিনে আইনি লড়াইকে কোন পর্যায়ে নিয়ে যায়, সেদিকেই নজর রাখছে সারা দেশ। যদি সত্যিই রাষ্ট্রপতি শাসন জারি হয়, তবে তা বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন এবং বিতর্কিত অধ্যায়ের সূচনা করবে।

প্রতিবেদক- বর্তমান ঠাকুর।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ek Jhalak