সাধারণ শৌখিন অনুষঙ্গ থেকে পোশাকের ভাঁজ ঠিক রাখা-সেফটি পিন আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তবে কখনো কি ভেবে দেখেছেন, এই পিনের নিচে কেন একটি পেঁচানো গোলাকার ছিদ্র থাকে? হোলসেল সেফটি পিনস-এর সিইও ল্যারি শোয়ার্টজের মতে, এই নকশাটি মূলত একটি সূক্ষ্ম বৈজ্ঞানিক প্রকৌশল। এই পেঁচানো অংশটি একটি স্প্রিং হিসেবে কাজ করে, যা পিনের মধ্যে প্রয়োজনীয় টান বজায় রাখে।
এই টান না থাকলে পিনের মাথাটি গার্ড থেকে সহজেই আলগা হয়ে যেত, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারত।
১৮৪৯ সালে উদ্ভাবক ওয়াল্টার হান্ট খেলার ছলে একটি তার মোচড়াতে গিয়ে দুর্ঘটনাবশত এই আধুনিক স্প্রিংযুক্ত সেফটি পিন আবিষ্কার করেন। বর্তমানে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ইস্পাতের তার পেঁচিয়ে এই বিশেষ কুণ্ডলী তৈরি করা হয়। এই কুণ্ডলীর স্থিতিস্থাপকতার কারণেই পিনের ধারালো প্রান্তটি উপরের ক্লিপ বা গার্ডের মধ্যে শক্তভাবে আটকে থাকে। যতক্ষণ না কেউ হাত দিয়ে পর্যাপ্ত বল প্রয়োগ করছে, ততক্ষণ এটি নিজ থেকে খুলে যায় না। ফলে এই সাধারণ ছিদ্রটিই মূলত সেফটি পিনকে ব্যবহারের জন্য 'নিরাপদ' ও নির্ভরযোগ্য করে তোলে।

