নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের রেশ কাটতে না কাটতেই নতুন করে বড় বিপদের আশঙ্কা দেখা দিয়েছে। লেন্ডে নদীর অববাহিকার উজানে অবস্থিত একটি কৃত্রিম হ্রদের পাড় যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে বলে সতর্কবার্তা পাঠিয়েছে চিন। বেজিং জানিয়েছে, হ্রদটির জলের রং ক্রমশ গাঢ় হচ্ছে, যা আসন্ন ঝুঁকির স্পষ্ট ইঙ্গিত।
হিমবাহ ধসের ফলে সৃষ্ট এই বাঁধ ভেঙে গেলে নদীর অববাহিকা সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। তবে চিনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, হ্রদটি ফেটে গেলেও নদীর জলের সর্বোচ্চ প্রবাহ প্রতি সেকেন্ডে ৫০০ ঘনমিটারের বেশি হবে না, যা থেকে জলস্তর অতিরিক্ত বৃদ্ধির সম্ভাবনা কম। তা সত্ত্বেও স্থানীয় প্রশাসন ও নদী তীরবর্তী জনবসতিগুলিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক হড়পা বান ও হিমবাহ হ্রদের ভাঙনে সৃষ্ট ভয়ংকর বিপর্যয়ে ইতিমধ্যেই নেপালে প্রায় ছয়শ মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ২০১৫ সালের বিধ্বংসী ভূমিকম্পের ক্ষত কাটিয়ে ওঠার পর এমন নজিরবিহীন প্রাকৃতিক তাণ্ডবের মুখোমুখি হতে হলো হিমালয়ের কোলঘেঁষা এই রাষ্ট্রটিকে। উদ্ধারকাজ ও ত্রাণ সরবরাহের পাশাপাশি সম্ভাব্য নতুন বিপর্যয় মোকাবিলায় এখন সব মহলে নজরদারি বাড়ানো হয়েছে।

