অবসর তহবিল সংস্থা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT) চাকরিজীবীদের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে প্রয়োজনে একজন গ্রাহক নিজের জমাকৃত অর্থের প্রায় ১০০ শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারবেন। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন প্রায় ৭ কোটি গ্রাহক।
আগে পিএফ তোলার ক্ষেত্রে ১৩টি জটিল নিয়ম ছিল। সেগুলিকে সরল করে বর্তমানে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে-বিশেষ চাহিদা, আবাসন এবং জরুরি পরিস্থিতি।
টাকা তোলার নিয়ম শিথিল করা ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিষেবাকে আরও আধুনিক করতে 'ইপিএফও ৩.০' কার্যকর করার অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে গ্রাহকরা এখন থেকে বাড়ি বসেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট হাতে পাবেন। এছাড়াও, দীর্ঘদিন ধরে আটকে থাকা পিএফ-এর বকেয়া ও জরিমানা সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য চালু হচ্ছে 'বিশ্বাস প্রকল্প'।
নিয়মে বড় পরিবর্তন এনে পড়াশোনার জন্য টাকা তোলার সীমা ১০ বার এবং বিয়ের জন্য পাঁচবার পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। আগে এই দুটি ক্ষেত্রেই মাত্র তিনবার টাকা তোলার অনুমতি ছিল। পাশাপাশি, টাকা তোলার ক্ষেত্রে ন্যূনতম কর্মজীবনের সময়সীমাও কমানো হয়েছে। একজন সদস্য ১২ মাস বা এক বছর ইপিএফও-র সদস্য হলেই এক বছর পূর্ণ হওয়ার পরের দিন থেকে প্রয়োজন মতো টাকা তুলতে পারবেন।
তবে এই প্রসঙ্গে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক স্পষ্টভাবে জানিয়েছে, ১০০ শতাংশ টাকা তোলার সুবিধা দেওয়া হলেও গ্রাহককে সবসময় তার অ্যাকাউন্টে কমপক্ষে ২৫ শতাংশ অর্থ রাখতেই হবে। এতে বার্ষিক ৮.২৫ শতাংশ হারে সুদ পেতে কোনও সমস্যা হবে না। আগে চাকরি হারানোর এক মাস পরে ৭৫% এবং দু'মাস পরে বাকি ২৫% টাকা তোলার অনুমতি ছিল, যা নতুন নিয়মে সরল করা হলো।

