বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ছন্দে থাকা বাংলা শিবিরে বড়সড় আঘাত। অসমের বিরুদ্ধে ক্যাচ ধরতে গিয়ে কাঁধে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল। স্ক্যান রিপোর্ট অনুযায়ী, সুস্থ হতে তাঁর অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। চলতি মরশুমে ৫ ম্যাচে ২৪১ রান করে দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি।
তাঁর পরিবর্তে তড়িঘড়ি রাজকোটে পাঠানো হচ্ছে শাকির হাবিব গান্ধীকে।
মঙ্গলবার হায়দরাবাদের বিরুদ্ধে শামি বনাম সিরাজের হাইভোল্টেজ লড়াইয়ের আগে অভিষেকের অনুপস্থিতি বঙ্গ ব্রিগেডকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিল। নকআউটের লড়াইয়ে টিকে থাকতে গ্রুপের বাকি দুই ম্যাচই এখন বাংলার কাছে মরণ-বাঁচন লড়াই। তবে টিম ম্যানেজমেন্টের আশা, ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলা রনজি ট্রফির আগেই অভিষেক পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরবেন। আপাতত সুমিত নাগের ওপরই ভরসা রাখছে দল।

