Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Asian Para Games                                                                                    এশিয়ান প্যারা গেমসে সোনা রিঙ্কু-নিশাদের

Asian Para Games এশিয়ান প্যারা গেমসে সোনা রিঙ্কু-নিশাদের

এশিয়ান প্যারা গেমসের অ্যাথলেটিক্সে সোমবার একাধিক পদক জিতে ভারতের সাফল্যের ধারা অব্যাহত রাখলেন প্যারা অ্যাথলিটরা। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন রিঙ্কু হুডা। একই ইভেন্টে রুপো পেলেন ভারতেরই অজিত সিং। অন্যদিকে, পুরুষদের লং জাম্প টি৪৭ বিভাগে সোনা জিতেছেন নিশাদ কুমার। মহিলাদের ১৫০০ মিটার দৌড়েও সোনা ও রুপো এসেছে ভারতের ঝুলিতে।

পাশাপাশি, মহিলাদের ১৫০০ মিটার টি১১ বিভাগে ব্রোঞ্জ জিতেছেন রবন্নি ভালাসানাইনি।
পুরুষদের জ্যাভলিন থ্রো এফ৪৬ বিভাগে রিঙ্কুর সোনাজয় ছিল নাটকীয়। চতুর্থ প্রচেষ্টায় ৬৫.০২ মিটার ছুড়ে এগিয়ে গিয়েছিলেন অজিত। কিন্তু শেষ প্রচেষ্টায় ৬৫.১১ মিটার ছুড়ে তাঁকে টপকে যান রিঙ্কু। মরসুমের সেরা থ্রো করে সোনা নিশ্চিত করেন তিনি। অজিতও ৬৫.০২ মিটার ছুড়ে মরসুমের সেরা পারফরম্যান্স করেছেন। ইন্দোনেশিয়ার রিজাল বাগুস সাকত্যোন ৫৫.৩০ মিটার ছুড়ে ব্রোঞ্জ জেতেন।
আগের সংস্করণেও এই ইভেন্টে পদক জিতেছিলেন দুই ভারতীয়। ২০২২ সালের প্রতিযোগিতায় রিঙ্কু রুপো এবং অজিত ব্রোঞ্জ পেয়েছিলেন। সে বার সোনা জিতেছিলেন ভারতের সুন্দর সিং গুর্জর। এ বার পদকের রং বদলে সাফল্যের শীর্ষে রিঙ্কু।
পুরুষদের লং জাম্প টি৪৭ বিভাগে ৭.১১ মিটার লাফিয়ে সোনা জেতেন নিশাদ কুমার। তৃতীয় ও পঞ্চম প্রচেষ্টায় একই দূরত্ব অতিক্রম করেন তিনি। উজবেকিস্তানের ওমাদবেক খাসানভ ৬.৯৯ মিটার লাফিয়ে রুপো এবং শ্রীলঙ্কার মহম্মদু সফরান ৬.৫৫ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জেতেন। মঙ্গলবার নিশাদের সামনে রয়েছে তাঁর প্রিয় ইভেন্ট হাই জাম্প টি৪৭-এ পদক জয়ের আরও একটি সুযোগ।
মহিলাদের ১৫০০ মিটার টি১২/টি১৩ বিভাগে সোনা জিতেছেন কর্নাটকের ১৮ বছরের সৌম্যা। তিনি সময় করেছেন ৫ মিনিট ১২.৩৯ সেকেন্ড। একই ইভেন্টে ৫ মিনিট ৩০.৯০ সেকেন্ডে দৌড় শেষ করে রুপো পেয়েছেন রাধা ভেঙ্কটেশ। একাধিক শ্রেণির প্রতিযোগী থাকায় এই ইভেন্টে পদক নির্ধারিত হয়েছে রেজা পয়েন্টের ভিত্তিতে। সৌম্যা পেয়েছেন ৬২১ পয়েন্ট, রাধার সংগ্রহ ৪২১।
মহিলাদের ১৫০০ মিটার টি১১ ফাইনালে প্রথমে তৃতীয় হয়েছিলেন ভারতের রক্ষিতা রাজু। কিন্তু পোশাক, জুতো ও বিব সংক্রান্ত নিয়ম না মানায় তিনি অযোগ্য ঘোষিত হন। ফলে চতুর্থ স্থানে থাকা রবন্নি ভালাসানাইনি ৫ মিনিট ৪১.৮৫ সেকেন্ড সময় করে ব্রোঞ্জ পান।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ganashakti