Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Bangladesh                                                                                    বিশ্বকাপ সম্প্রচার নিয়ে এখনও অনিশ্চয়তায় বাংলাদেশ

Bangladesh বিশ্বকাপ সম্প্রচার নিয়ে এখনও অনিশ্চয়তায় বাংলাদেশ

মীর আফরোজ জামান: ঢাকা

২০২৬ ফুটবল বিশ্বকাপের বাকি মাত্র ১৪ দিন, অথচ সম্প্রচার স্বত্ব নিয়ে এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে বাংলাদেশ। শুরুতে ফিফার নির্ধারিত উচ্চমূল্যের কারণে বাংলাদেশে এবারের বিশ্বকাপ সম্প্রচার সম্ভব হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। সাম্প্রতিক পরিস্থিতিতে সেই অনিশ্চয়তার মেঘ কিছুটা কাটার ইঙ্গিত।

বাংলাদেশের মিডিয়া স্বত্ব পাওয়া সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক সম্প্রতি ফিফার সাথে চুক্তি থেকে সরে দাড়িয়েছে। গণমাধ্যমে সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা গোপাল পাডিয়া বলেছেন, বাংলাদেশে স্বত্ব বিক্রি করতে না পারায় তারা চুক্তির অধিকার ছেড়ে দিয়েছেন।
চলতি বছরের মার্চে প্রায় ৭২ লক্ষ ১১ হাজার মার্কিন ডলারের, অর্থাৎ প্রায় ৮৮ কোটি টাকার একটি চুক্তি হয়েছিল ফিফা ও প্রতিষ্ঠানটির। তবে নির্ধারিত সময়ের মধ্যে একাধিক কিস্তির অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ফিফা চুক্তিটি বাতিল করে দেয় স্প্রিংবকের সাথে।
এরপর থেকে বাংলাদেশে সম্প্রচারের বাজারে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে টি-স্পোর্টস ও স্টার নিউজের যৌথ উদ্যোগ এবং দুবাইভিত্তিক একটি প্রতিষ্ঠান সরাসরি ফিফা থেকে সম্প্রচার স্বত্ব কেনার বিষয়ে আলোচনা চালাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বাজার পরিস্থিতি বিবেচনায় ফিফা বাংলাদেশের জন্য তাদের চাওয়া মূল্য কমাতে রাজি হয়েছে এবং এখন চুক্তি চূড়ান্ত করার আলোচনা চলছে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম থাকার বিষয়টি তুলে ধরে বিনামূল্যে সম্প্রচার স্বত্ব চাওয়া হয়েছিল। ফিফা সেই অনুরোধ প্রত্যাখ্যান করে জানিয়েছে, সম্প্রচার স্বত্ব থেকে পাওয়া আয়ের একটি বড় অংশ স্থানীয় ফুটবল উন্নয়নে ব্যয় করা হয়। তাই বিনামূল্যে স্বত্ব দেয়া সম্ভব নয়।
তবে কিছুটা আশার আলো জাগছে সম্প্রচার নিয়ে। সিঙ্গাপুরের স্প্রিংবক যে হারে উচ্চমূল্য চাইছিল, এবং অনমনীয় ছিল, সেই প্রতিবন্ধকতা কেটে গেছে। বিপরীতে বাংলাদেশ এখন সরাসরি ফিফা থেকে সম্প্রচার স্বত্ব কিনতে একই পথে যে চেষ্টাটা চালাচ্ছে, তাতে ফিফার গ্লোবাল নীতির আওতায় সম্প্রচারে তুলনামূলক মূল্যহ্রাসের সম্ভাবনা থাকার কারণে ঘরে বসে দেশীয় চ্যানেলেই বিশ্বকাপ দেখার আশাটাও বাড়ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ganashakti