পুলিশ লেলিয়ে শ্রমিক আন্দোলন দমনের চেষ্টার বিরুদ্ধে উত্তাল হলো মঙ্গলপুর শিল্পতালুক। শুক্রবার রানিগঞ্জ জয় বালাজি কারখানার গেটে শ্রমিকরা লালঝাণ্ডা নিয়ে জমায়েত হয়। শ্রমিকদের নূন্যতম মজুরি, ইএসআই, পিএফ এর দাবিতে চলছে আন্দোলন। জয় বালাজি কারখানায় সিআইটিইউ শ্রমিকদের দাবি নিয়ে শুক্রবার আলোচনার জন্য কর্তৃপক্ষকে আগাম লিখিতভাবে জানালে এদিন কারখানা কর্তৃপক্ষ পুলিশ ডেকে কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানায় শিল্প কারখানায় ধরনা,অবস্থান ও দাবি আদায়ের কর্মসূচি পালন করা যাবে না, এমনই নির্দেশ আছে। শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। লাল ঝাণ্ডা নিয়ে দলে দলে শ্রমিকরা কারখানার গেটে জমায়েত হয়ে বেতন চুক্তি কার্যকর করা, নূন্যতম মজুরির দাবিতে শ্লোগান তোলে ।
সিআইটিইউ নেতা উমাপদ গোপ, রুনু দত্ত, অরূপ লায়েক, গণ আন্দোলনের নেতা সঞ্জয় প্রামাণিক বলেন, মঙ্গলপুর শিল্পতালুকের কারখানার সিআইটিইউ'র নথিভুক্ত ইউনিয়ন রয়েছে। সিআইটিইউ আন্দোলনের গণতান্ত্রিক অধিকার ছাড়তে পারে না। রাজ্য ও কেন্দ্রের বিজেপির ডবল ইঞ্জিন সরকার শ্রমিকদের অধিকার হরণ করতে উদ্যত হয়েছে। তৃণমূলের সরকার বেতনচুক্তিতে দেরি করে কারখানা মালিকদের পক্ষ নিয়েছে। একইভাবে বিজেপি সরকার পুলিশ দিয়ে শ্রমিকদের আন্দোলনকে বাধা দিতে চাইছে। সিআইটিইউ শ্রমিক নেতৃত্বের প্রতিনিধিদল কারখানা কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেয়। সিআইটিইউ সাফ জানিয়ে দেয়, দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন হবে।

