দিল্লির রোহিনীতে নির্মীয়মাণ বহুতলের ধ্বংসস্তূপ থেকে একজনের দেহ উদ্ধার হয়েছে। বুধবার বিকেলে রোহিনীর এমসিডি স্কুলের কাছে এই নির্মাণ ভেঙে পড়ার খবর প্রশাসনোর কাছে পৌঁছায় বিকেলে। ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন একাধিক। তার মধ্যে দু'জনকে উদ্ধার করতে পেরেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
উদ্ধারকাজের জন্য চারটি বিশেষ দল এলাকায় পাঠিয়েছে দমকলও। বিকেলে বাড়িটি ভেঙে পড়ে বিকট আওয়াজে। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই বিপদের আশঙ্কা করে ছুটে যান বাড়িটির কাছে। উদ্ধার বাহিনী পৌরছানোর আগে স্থানীয়রাই শাবল, লোহার রড দিয়ে ভেঙে পড়া ইট, কংক্রিটের চাঙড় সরাতে শুরু করেন।
কিছু পরই দমকল বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছায় এলাকায়। প্রশাসনের তেকে বাড়িটি ভেঙে পড়ার নির্দিষ্ট কারণ জানানো হয়নি রাতেও। তবে স্থানীয়দের বক্তব্য, দিল্লিতে প্রবল বৃষ্টির জেরেই নির্মীয়মান বহুতলের কাঠামো ভেঙে পড়েছে।
ইট, কংক্রিটের চাঙড়ের নিচে আটকে পড়া মানুষের খোঁজ চলছে। দমকল কর্মীরা চিৎকার করে আটকে পড়া মানুষকে বলছেন, উদ্ধারের কাজ চলছে। খানিক সময় লাগবে।
ভেজা জলকাদার মধ্যে উদ্ধারের কাজ চালাতে সমস্যা হচ্ছে বলে জানাচ্ছে সংবাদসংস্থা। যে কোনও অংশ ধসে পড়ে আরও বড়ও বিপদ হতে পারে।

