ভোট মিটতেই গ্যাসের মূল্য বৃদ্ধি করল কেন্দ্রের মোদী সরকার। এবার সিলিন্ডার প্রতি বাড়লো প্রায় হাজার টাকা। পশ্চিমবঙ্গ সহ পাঁচটি রাজ্যের নির্বাচনের ফলাফল ৪ মে ঘোষণা হবে। তার আগেই ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে, যা হোটেল, রেস্তোরাঁ এবং ছোট ব্যবসার খরচের উপর সরাসরি প্রভাব ফেলছে।
১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ থেকেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় হোটেল ও রেস্তোরাঁ মালিকদের উদ্বেগ বেড়েছে। তবে, ১৪.২ কেজির গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম স্থিতিশীল রয়েছে।
মে মাস শুরু হতেই ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারে সরকারি তেল সংস্থাগুলো এক ধাক্কাতেই ৯৯৩ টাকা বাড়িয়েছে। এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ একক মূল্যবৃদ্ধি বলে মনে করা হচ্ছে।
ইন্ডিয়ান অয়েল কর্তৃক প্রকাশিত নতুন দর অনুযায়ী, দিল্লিতে একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে ৯৯৩ টাকা বাড়ানো হয়েছে। এই পরিবর্তনের ফলে, দিল্লিতে একটি সিলিন্ডারের দাম এখন ২ হাজার ৭৮ টাকা ৫০ পয়সার পরিবর্তে ৩ হাজার ৭১ টাকা ৫০ পয়সা হবে। একইভাবে, মুম্বাই এবং কলকাতাতেও দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই মূল্যবৃদ্ধি বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ এবং ছোট ব্যবসার উপর চাপ সৃষ্টি করতে পারে।
বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লেও সাধারণ মানুষের জন্য স্বস্তির বিষয় ১৪.২ কেজি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। গার্হস্থ্য গ্যাসের দাম সর্বশেষ ৭ই মার্চ ৬০ টাকা বাড়ানো হয়েছিল।
দিল্লিতে, আজ থেকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা বেড়ে ৩,০৭১.৫০ টাকা হয়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে কলকাতায় ৯৯৪ টাকা। এখন কলকাতায় একটি সিলিন্ডার ২ হাজার ২০৮ টাকার পরিবর্তে ৩ হাজার ২০২ টাকায় কিনতে হবে। মুম্বাইয়ে, বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা বেড়ে ৩ হাজার ০২৪ টাকা হয়েছে। চেন্নাইয়েতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩ হাজার ২৩৭ টাকায় পৌঁছেছে। চলতি বছরের জানুয়ারিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৪৯ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছিল। ফেব্রুয়ারিতে ৩১ টাকা বাড়ানো হয়। ১১৪ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছে মার্চে। এপ্রিলে ২১৮ টাকা। আজ একধাক্কায় ৯৯৩ টাকা বাড়ল ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম।

