স্টার জলসা ইতিমধ্যেই বেশ কিছু নতুন মেগার ঘোষণা করেছে। তার মধ্যে 'প্রতিজ্ঞা' অন্যতম। এই মেগা সম্প্রচারের সময় ও মেগা শুরুর দিনক্ষণও জানানো হয়েছিল চ্যানেলের পক্ষ থেকে। কিন্তু এবার খবর এই মেগা এদিন থেকে শুরু হচ্ছে না। কিন্তু কেন?
মঙ্গলবার অর্থাৎ আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট টলিউডে! তালসারিতে মেগার শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অকাল প্রয়ানে যে কথাটি বারবার উঠে এসেছে তা হল প্রযোজনা সংস্থার অব্যবস্থা ও গাফিলতির কথা। আর সেখান থেকেই কলাকুশলীদের নিরাপত্তার প্রসঙ্গ বারবার আলোচনায়।
ধারাবাহিক থেকে সিরিজ, সিনেমা সব ক্ষেত্রেই অভিনেতা বা অভিনেত্রী-সহ টেকনিশিয়ানদের নিরাপত্তার দায় নেওয়া উচিত প্রযোজনা সংস্থার। আর সেই দাবিতেই এবার একজোট হয়েছে টলিপাড়া। যতক্ষণ না এই নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে কর্মবিরতি। আর তার ফলে মেগার শ্যুটিংও যে বন্ধ থাকবে তা বলাই বাহুল্য।
এই ধারাবাহিক চলতি মাসের ৭ তারিখ অর্থাৎ আজ থেকে শুরু হওয়ার কথা, রাত সাড়ে নটার স্লটে। তবে টলিপাড়ায় শ্যুটিং বন্ধের জেরে আটকে গিয়েছে রণজয় বিষ্ণু ও অভীকা মালাকারের এই নতুন ধারাবাহিকের কাজও। আজকাল ডট ইন -এর একটি প্রতিবেদন অনুসারে শ্যুটিং বন্ধের জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাচ্ছে 'প্রতীজ্ঞা' সম্প্রচারের দিনক্ষণ।
প্রতিজ্ঞা প্রসঙ্গে
এই ধারাবাহিকে বিখ্যাত ব্যারিস্টার অভিমন্যু শংকর রায়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা রণজয় বিষ্ণু। অভিমন্যু সচ্ছল পরিবারের ছেলে। প্রোমোয় দেখা যায় বিয়ের কথা ঘোষণা হতেই অভিমুন্য আপত্তি জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরই দেখতে পাওয়া যায় ধারাবাহিকের নায়িকাকে, যাকে সকলে ভালোবেসে 'ছুটিদিদি' (অভীকা) বলে ডাকে। সে একটি অনাথ আশ্রমের সঙ্গে যুক্ত। কিন্তু মুখে হাসি থাকলেও তার চোখ খোঁজে ছোটবেলার ভালোবাসাকে।
ছোটবেলার সেই প্রতিজ্ঞা কি বড় হয়েও পালন করতে পারবে এই জুটি? সমস্ত বাধা বিপত্তি সরিয়ে দিয়ে জয় হবে ভালোবাসার? তা নিয়েই এই মেগা। সিরিয়ালে রণজয় ও অভীকা ছাড়াও অভিনয় করতে দেখা যাবে স্বপ্নীলা চক্রবর্তীকে।

