পাকিস্তান কোন ছাড়! ভারতীয় মিসাইলের 'টার্গেটে' চলে আসবে ইউরোপ মহাদেশও। আর শীঘ্রই সেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৬ মিসাইলের পরীক্ষা করা হবে বলে ইঙ্গিত দেওয়া হল কেন্দ্রের শাসক দল বিজেপির তরফে। বুধবার বিজেপির তরফে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে অগ্নি-৬ মিসাইলের কথা উল্লেখ করা হয়।
একটি পোস্টে বলা হয়, 'অগ্নি-৬: সুপারপাওয়ার হয়ে ওঠার দিকে এগিয়ে চলেছে ভারত। ১০,০০০ কিলোমিটার পাল্লা এবং এমআইআরভি প্রযুক্তি থাকা অগ্নি-৬ ইতিহাস তৈরি করার জন্য প্রস্তুত। এই ক্ষেপণাস্ত্র ভারতের নিরাপত্তাকে অভেদ্য করে তুলবে এবং আমাদেরকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় স্থান দেবে। শক্তিশালী ভারত, সুরক্ষিত ভারত!'
সরকারের অনুমতির অপেক্ষায়, কয়েকদিন আগেই জানায় DRDO
এমনিতে কয়েকদিন আগেই ভারতের ডিফেন্স রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) চেয়ারম্যান সঞ্জয় ভি কামাথ জানান যে অগ্নি-৬ মিসাইলের পরীক্ষা করতে প্রস্তুত তাঁরা। এখন শুধুমাত্র সরকারের সবুজ সংকেতের অপেক্ষা করা হচ্ছে। তারপর কেন্দ্রীয় সরকারের তরফে কোনও অনুমতি মিলেছে কিনা, সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে বিজেপির পোস্টে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
নোটাম জারি করা হয় ১২ দিনের জন্য
আর সেই জল্পনা বাড়িয়েছে নোটাম জারি করার বিষয়টি সামনে আসতে। সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে, দূরপাল্লার মিসাইল টেস্টের জন্য বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশে নোটাম জারি করা হয়। গত ২৫ এপ্রিল থেকে জারি করা হয় নোটাম। আর সেটার মেয়াদ ৬ মে পর্যন্ত আছে। সেটার প্রেক্ষিতে জল্পনা আরও বেড়েছে। যদিও বিষয়টি নিয়ে ভারত সরকারের তরফে আপাতত সরকারিভাবে কিছু জানানো হয়নি।
অগ্নি-৬ মিসাইলের বিশেষত্ব
তারইমধ্যে বিজেপির তরফে জানানো হয়েছে, আপাতত বিশ্বের মাত্র পাঁচটি দেশের কাছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল) আছে। সেই তালিকায় আছে আমেরিকা, রাশিয়া, চিন, ফ্রান্স এবং ব্রিটেন। এবার সেই 'সুপারপাওয়ার লিগে' যোগ দিতে চলেছে ভারত। ১০,০০০ কিলোমিটারের বেশি পাল্লা ক্ষমতা-বিশিষ্ট অগ্নি-৬ মিসাইলের ফলে ভারত শুধুমাত্র আঞ্চলিক ক্ষেত্রেই আটকে থাকবে না, বিশ্বস্তরে পৌঁছে যাবে।
বিশেষজ্ঞদের মতে, ১০,০০০ কিমির পাল্লা ক্ষমতার মিসাইল থাকা মানে অভাবনীয় বিষয়। কারণ ভারত এশিয়া মহাদেশ পেরিয়ে ইউরোপেও পৌঁছে যেতে পারবে। যেমন - দিল্লি থেকে লন্ডনের দূরত্ব হল ৭,৫০০ কিমি। আবার কলকাতা থেকে লন্ডনের দূরত্ব ৮,০০০ কিমির মতো। ফলে অনায়াসে ইউরোপে পৌঁছে যেতে পারবে ভারত।

