Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ED Raids Carewell Aviation: যে সংস্থার চার্টার্ড বিমানে অভিষেক ওড়েন, সেই সংস্থার ডিরেক্টরের বাড়িতে হানা ইডির

ED Raids Carewell Aviation: যে সংস্থার চার্টার্ড বিমানে অভিষেক ওড়েন, সেই সংস্থার ডিরেক্টরের বাড়িতে হানা ইডির

ED Raids Carewell Aviation: তৃণমূলের তহবিলে আর্থিক অনিয়মের অভিযোগে এবার সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকাল থেকে কলকাতা ও সংলগ্ন একাধিক এলাকায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের তহবিল সংক্রান্ত আর্থিক লেনদেন, দলীয় অ্যাকাউন্টের ব্যবহার এবং সেই অর্থের সম্ভাব্য অপব্যবহারের অভিযোগকে সামনে রেখেই এই অভিযান চালানো হচ্ছে।

সল্টলেক, রাজারহাট এবং রাধাবাজার মিলিয়ে মোট পাঁচটি জায়গায় তল্লাশি চলছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির আধিকারিকরা সকাল থেকেই নথি, ডিজিটাল তথ্য এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখতে শুরু করেছেন।

এদিনের তল্লাশির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র 'কেয়ারওয়েল অ্যাভিয়েশন' নামে একটি সংস্থার সঙ্গে যুক্ত ডিরেক্টরের বাড়ি। সল্টলেকের এক আবাসনে সেই ডিরেক্টরের ফ্ল্যাট। জানা গিয়েছে, অতীতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক শীর্ষ নেতার যাতায়াতের জন্য ব্যবহার করতেন কেয়ারওয়েল অ্যাভিয়েশনের বিমান। ফলে ওই সংস্থার সঙ্গে দলীয় আর্থিক লেনদেন হয়েছিল কি না, হয়ে থাকলে তার উৎস কী এবং সেই অর্থ কোন অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সূত্রের খবর, সংস্থার দুই ডিরেক্টর পবন জাজু এবং রাজেশ জাজুকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের কাছ থেকে বিভিন্ন আর্থিক নথি, বিল, চুক্তিপত্র, ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং লেনদেন সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংস্থার সঙ্গে তৃণমূলের কোনও আর্থিক চুক্তি ছিল কি না, বিমান ভাড়ার অর্থ কীভাবে মেটানো হত এবং সেই অর্থের উৎস কী ছিল, তা নিয়েই মূলত তদন্ত এগোচ্ছে।

শুধু সল্টলেক নয়, রাজারহাটে কেয়ারওয়েল অ্যাভিয়েশনের একটি অফিসেও পৌঁছেছেন ইডির আধিকারিকরা। একই সময়ে রাধাবাজারে সংস্থার আরও একটি কার্যালয়ে তল্লাশি চলছে। একাধিক জায়গায় একযোগে অভিযান চালিয়ে নথি সংগ্রহের পাশাপাশি কম্পিউটার, হার্ড ডিস্ক, মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইসও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে তদন্তকারী সূত্রে খবর।

ইডির প্রাথমিক লক্ষ্য, তৃণমূলের দলীয় তহবিল থেকে কোনও বেসরকারি সংস্থাকে অর্থ প্রদান করা হয়েছিল কি না এবং সেই অর্থের বিনিময়ে কী ধরনের পরিষেবা নেওয়া হয়েছিল, তার পূর্ণাঙ্গ চিত্র সামনে আনা। বিশেষ করে কেয়ারওয়েল অ্যাভিয়েশনের বিমানের ভাড়া দলীয় তহবিল থেকে দেওয়া হয়েছিল কি না এবং সেই ক্ষেত্রে আর্থিক নিয়ম লঙ্ঘন হয়েছে কি না, তা তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের আর্থিক লেনদেন, দলীয় তহবিলের ব্যবহার এবং বিভিন্ন সংস্থার সঙ্গে আর্থিক সম্পর্ক নিয়ে একের পর এক অভিযোগ সামনে এসেছে। সেই আবহেই ইডির এই তল্লাশি রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে। তদন্তকারীরা ইতিমধ্যেই বিপুল পরিমাণ নথি সংগ্রহ করেছেন বলে জানা গিয়েছে। সেগুলি খতিয়ে দেখেই পরবর্তী পর্যায়ে আরও জিজ্ঞাসাবাদ বা নতুন পদক্ষেপ করা হতে পারে বলে ইডি সূত্রের দাবি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: HindustanTimes Bengali