খুব সম্প্রতি জি বাংলায় শুরু হয়েছে 'কমলা নিবাস' ধারাবাহিকটি। দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্তের রসায়ন ইতিমধ্যেই সকলের মন জয় করে নিয়েছে। আপাতত ধারাবাহিকের গল্প অনুযায়ী দুর্ঘটনায় সাগরহীন পল্লবী। ছাদনাতলা পর্যন্ত গড়িয়েও ভেঙেছে বিয়ে। তারপর গল্প নিয়েছে নতুন মোড়।
জানা গিয়েছে পর্দার পল্লবী দেবাদৃতার বিপরীতে দেখা মিলবে ঋদ্ধিষ চৌধুরীর। সেই মতো এগোচ্ছে গল্প। তার মাঝেই ফের নতুন নায়ক মেগায়।
বুধবার 'কমলা নিবাস' -এর নতুন প্রোমো আসে, সেখানে প্রকাশ্যে এসেছে ফের মেগায় দেখা মিলেছে নতুন নায়কের। জানেন তিনি কে? প্রোমোয় দেখা গিয়েছে, 'পল্লবী' নয় বরং 'ঝিনুক'-এর (সংহতি বন্দ্যোপাধ্যায়) জীবনে আসছে প্রেম।
প্রোমোয় 'ঝিনুক'কে বলতে শোনা যায়, 'আমি যে কবে থেকে এরকম একটা প্রেম করার জন্য অপেক্ষা করছি। যে আসবে সে ফিল্মি ঠিকই, কিন্তু খুবই রোম্যান্টিক।' আর এই আবহেই সেই নায়কের নানা ঝলক ফুটে ওঠে। তারপর সামনে এসেছে নায়কের মুখ। এই ধারাবাহিকে সংহতি বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে নায়কের ভূমিকায় ধরা দিতে চলেছেন ধ্রুবজ্যোতি সরকার।
এর আগে ধ্রুবজ্যোতিকে সংহতির সঙ্গে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে দেখা গিয়েছিল। সেখানে 'রূপা'র ভূমিকায় দেখা যেত সংহতিকে। আর ওই মেগাতেই 'রূপা'র জামাইয়ের ভূমিকায় তিয়াশা লেপচার বিপরীতে দেখা মিলেছিল ধ্রুবজ্যোতির। ফলে সেই মেগায় তাঁরা শাশুড়ি-জামাইয়ের ভূমিকায় ছিলেন। সেখান থেকে এই মেগায় সংহতির নায়ক ধ্রুবজ্যোতি! ফলে তা নিয়ে নেটিজেনরা নানা কমেন্ট করেছেন।
এই প্রোমো প্রকাশ্যে আসতেই একজন লেখেন, 'বাব রে… শাশুড়ি থেকে একবারে সোজা বউ এক মাএ সিরিয়ালেই সম্ভব।' আর একজন লেখেন, 'ওরে বাবা রে শাশুড়ি থেকে একবারে সোজা বউ, অনুরাগের ছোঁয়া + কমলা নিবাস।' আর এক নেটিজেন লেখেন, 'শাশুড়ি হয়ে গেল নায়িকা।'
প্রসঙ্গত, এই মেগার হাত ধরেই বহু বছর পর ছোট পর্দায় ফিরেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁকে পর্দার 'পল্লবী' দেবাদৃতা বসুর বিপরীতে দেখা যাচ্ছিল। তবে তিনি মূলত এই মেগায় ক্যামিও চরিত্রে ধরা দিয়েছিলেন। তাঁকে 'সাগর'-এর ভূমিকায় দেখা যাচ্ছিল। মেগায় দেখানো হয়েছে বিয়ের দিন পথ দুর্ঘটনায় প্রাণ হারায় 'সাগর'। আর তার সঙ্গে সঙ্গে পরমব্রতর চরিত্রটিও শেষ হয়ে যায়। তারপর অবশ্য 'পল্লবী'র বিপরীতে নতুন নায়ক আসে। এখন গল্প ফের নতুন মোড় নিতে চলেছে সেখানে সংহতি ও ধ্রুবজ্যোতির রসায়ন দর্শকদের মনে কতটা ছাপ ফেলতে পারে সেটাই এখন দেখার।

