Dailyhunt
Manipur Terrorist Attack: মণিপুরে BSF জওয়ানের বাড়িতে জঙ্গিদের রকেট হামলা, প্রাণ হারাল ৫ মাসের শিশুকন্যা ও ৫ বছরের ছেলে

Manipur Terrorist Attack: মণিপুরে BSF জওয়ানের বাড়িতে জঙ্গিদের রকেট হামলা, প্রাণ হারাল ৫ মাসের শিশুকন্যা ও ৫ বছরের ছেলে

ঙ্গলবার ভোরে মণিপুরের বিষ্ণুপুর জেলায় একটি বাড়িতে রকেট হামলা চালাল কুকি জঙ্গিরা। ঘটনায় পাঁচমাস বয়সি শিশুকন্যা এবং পাঁচ বছর বয়সি এক নাবালকের মৃত্যু হয়েছে। সেই দুই শিশুর মা গুরুতরভাবে জখম হয়েছেন এই হামলায়। জানা গিয়েছে, বাড়িটি একজন বিএসএফ জওয়ানের। তাঁর পরিবার ঘুমিয়ে থাকাকালীন এই হামলা চালানো হয়েছিল।

ভোররাত ১টা নাগাদ মোইরাং ট্রোংলাওবি আওয়াং লেইকাইতে এই হামলা চালানো হয় বলে জানা যাচ্ছে। বিষ্ণুপুর জেলার ট্রংলাওবি রাজ্যের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৪৬ কিলোমিটার দূরে অবস্থিত এবং চুড়াচাঁদপুর জেলা সংলগ্ন। এমনিতে মণিপুরের চুড়াচাঁদপুর জেলার পাদদেশের কাছাকাছি অবস্থিত ট্রংলাওবি দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠীগুলি সক্রিয় বলে জানা যায়। এই আবহে মণিপুরের স্বরাষ্ট্রমন্ত্রী কে গোবিন্দদাস জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মণিপুরে কুকি এবং মৈতৈ জনজাতির মধ্যে সংঘাত বজায় রয়েছে। গত ২০২৩ সালের ৩ মে থেকে জাতিগত হিংসার সাক্ষী মণিপুর। মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি অবস্থা। এখনও পর্যন্ত কয়েক হাজার জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। চূড়াচাঁদপুর, মোরে, কাকচিং এবং কাংপোকপি জেলা থেকে অধিকাংশ মানুষকে সরানো হয়েছিল।

প্রসঙ্গত, ইম্ফল উপত্যকায় সংখ্যাগরিষ্ঠ হল মৈতৈ জনজাতি। তবে তারা দাবি তুলেছিল যে তাদের তফসিলি উপজাতির তকমা দিতে হবে। তাদের এই দাবির বিরোধ জানিয়েছিল স্থানীয় কুকি-জো আদিবাসীরা। এদিকে মণিপুর হাই কোর্টে এই নিয়ে মামলা হয়েছিল। সেই মামলায় হাই কোর্ট নির্দেশ দেয়, মৈতৈদের নাম তফশিলি উপজাতির তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব কি না, তা খতিয়ে দেখুক রাজ্য। এই নির্দেশিকার পরই জো-কুকি সম্প্রদায়ের মানুষরা প্রতিবাদে নামেন। এই আবহে ২০২৩ সালের এপ্রিলের শেষ সপ্তাহে মণিপুরের অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন একটি মিছিলের আয়োজন করেছিল। সেই মিছিল ঘিরেই হিংসা ছড়িয়ে পড়ে চূড়াচাঁদপুর জেলায়। পরে অবশ্য হাই কোর্ট সংরক্ষণ নিয়ে নিজেদের সেই পর্যবেক্ষণ ফিরিয়ে নেয়।

তবে এখনও মণিপুরে হিংসার আগুন মাঝে মাঝেই জ্বলে ওঠে। এদিকে তফশিলি উপজাতির ইস্যুর পাশাপাশি সংরক্ষিত জমি এবং সার্ভে নিয়েও উত্তাপ ছড়িয়েছিল সেই রাজ্যে। এই আবহে ২০২৩ সালের এপ্রিল মাসেই চূড়াচাঁদপুর জেলায় তৎকালীন মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের সভাস্থলে আগুন লাগিয়ে দিয়েছিল ইন্ডিজেনাস ট্রাইবাল লিডারস ফোরামের সদস্যরা। এদিকে এই জেলা থেকে কুকি আদিবাসী বনাম মৈতৈদের এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে অন্যান্য জেলাতেও। আর এখনও পর্যন্ত সেই হিংসা প্রাণ হারিয়েছেন কয়েকশো সাধারণ মানুষ। বাফার জোন করে মৈতৈ এবং কুকিদের ভিন্ন এলাকায় রাখা হয়েছে। তার মধ্যেও মাঝে মাঝেই বাঁধছে সংঘাত। একে অপরের দিকে আঙুল তুলছে দুই জনজাতি। এরই মাঝে দেখা গিয়েছে সশস্ত্র জঙ্গিদের দৌরাত্ম্য।

সম্প্রতি আবার মায়ানমারে গিয়ে ভারতবিরোধী সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ দেওয়ার মামলায় গ্রেফতার হয় এক মার্কিনি এবং ৬ ইউক্রেনিয়ান। এই ঘটনায় মার্কিন নাগরিক ম্যাথু ভ্যানডাইককে গ্রেফতার করা হয়েছিল কলকাতা থেকে। বিভিন্ন জায়গায় গিয়ে এই সংস্থার মাধ্যমে 'বিদ্রোহীদের' প্রশিক্ষণ দেয় ম্যাথু। ভ্যানডাইক দাবি করে, তার সংস্থার সঙ্গে আমেরিকার সরকারের কোনও যোগ নেই। তবে উল্লেখ্য বিষয়, সব ক্ষেত্রেই মার্কিন সরকার যেদিকে ঝুঁকে থাকে, ম্যাথু ভ্যানডাইকও সেই পক্ষের হয়েই 'কাজ' করে। তদন্তে উঠে এসেছে, ইউরোপ থেকে একাধিক ড্রোন মিজোরামে আমদানি করেছিল এই বিদেশিরা। এনআইএ অভিযোগ করেছে, ভারতের বিরুদ্ধে জঙ্গি হামলার ছক কষছিল এই বিদেশিরা। এই সবের মাঝেই এবার ফের অশান্ত মণিপুর।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: HindustanTimes Bengali