ছোট পর্দার অন্যতম পরিচিত মুখ শ্রীময়ী চট্টরাজ। অভিনেত্রীকে সর্বশেষ 'মিলন হবে কত দিনে' ধারাবাহিকে দেখা যাচ্ছিল। তাঁর চরিত্রটির ধূসর হলেও তাতে ছিল এক কমেডির মিশেল। তাই মেগায় শ্রীময়ীর চ্রিত্রটি বেশ পছন্দ হয়েছিল সকলের। কিন্তু বর্তমানে তাঁকে আর মেগায় দেখা যাচ্ছে না। তাহলে কী ধারাবাহিক ছাড়লেন তিনি?
এবার তা নিয়েই মুখ খুললেন শ্রীময়ী।
আজকাল ডট ইনকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীময়ী এই প্রসঙ্গে বলেন, 'এই তো আজকেও শ্যুটিং করে বাড়ি ফিরেছি। আগামীকালও ডেট দেওয়া আছে। আসলে গল্পের ট্র্যাকটা একটু চেঞ্জ হয়েছিল। সেখানে আমার চরিত্রটির প্রয়োজন ছিল না বলেই দেখা যায়নি। এই ধারাবাহিকে আমার স্বামীর চরিত্রটিকেও তো প্রথম থেকে দেখা যায়নি। ধারাবাহিক শুরু হওয়ার বেশ অনেকদিন পর পর্দায় তাঁর আবির্ভাব হয়েছিল। আসলে, গোটা বিষয়টাই ন্যস্ত থাকে চিত্রনাট্যকারের হাতে। তিনি যেভাবে ধারাবাহিকের গল্পের বাঁকে বাঁকে চরিত্রদের হাজির করবেন, চরিত্ররাও ঠিক সেখানে গিয়েই দর্শকের সামনে হাজির হবে।'
মেয়ের জন্মের পর বেশ কিছুটা সময় নিয়ে তিনি এই মেগায় ফিরেছিলেন। এই মেগাটি 'অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট' প্রযোজিত। এর আগেও 'অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট'-এর সঙ্গে কাজ করেছেন শ্রীময়ী, তাঁকে নানা ইন্টারভিউতে বলতে শোনা গিয়েছিল এই মেগায় ফেরা আসলে তাঁর জন্য ঘর ওয়াপসির মতো। এমনকী মেয়ে কৃষভির জন্মের আগেও এই সংস্থারই একটি অন্য ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি। কৃষভির জন্মের পর অভিনেত্রী বারবার জানিয়েছিলেন এই প্রযোজনা সংস্থা গর্ভাবস্থায় তাঁকে কাজ করতে কতটা সাহায্য করেছে। ফলে 'মিলন হবে কত দিনে' থেকে শ্রীময়ীর সরে আসা কেবল একটা গুঞ্জন মাত্র।
তবে এর আগে মেয়ের জন্মের পর পরই স্টার জলসার একটি মেগা 'বুলেট সরোজিনী' ধারাবাহিকে তাঁকে 'রাগিনী চট্টোপাধ্যায়'-এর ভূমিকায় দেখা গিয়েছিল। তবে সেই মেগা থেকে মাঝ পথেই সরে এসেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন চরিত্রটি তাঁর বয়সের তুলনায় অনেকটাই বড়। এরপর ওই চরিত্রে দেখা যায় মল্লিকা বন্দোপাধ্যায়কে। যদিও সেই মেগাও কয়েক মাস চলার পরই বন্ধ হয়ে যায়।
প্রসঙ্গত, 'মিলন হবে কত দিনে' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছেন শোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন সুমন্ত মুখোপাধ্যায়, কৌশিক রায়, অলিভিয়া সরকারের মতো অভিনেতারাও।

