NEET 2026 Exam Advisory: আগামী ৩ মে হচ্ছে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা (NEET UG 2026)। পরীক্ষা শুরুর মাত্র কয়েক দিন আগে পরীক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। এনটিএয়ের তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা যেন শুধুমাত্র গুগল ম্যাপের উপর নির্ভর করে তাঁদের পরীক্ষাকেন্দ্রের লোকেশন খুঁজতে না যান।
এই নিয়ে ইতিমধ্যে একটি অফিসিয়াল গাইডলাইনও প্রকাশ করা হয়েছে।
কেন এই সতর্কতা?
এনটিএয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে কখনও কখনও গুগল ম্যাপে নির্দিষ্ট কেন্দ্রের লোকেশন পিন ভুল জায়গায় থাকতে পারে। বিশেষ করে পুণের কয়েকটি সুনির্দিষ্ট কেন্দ্রের ক্ষেত্রে এই সমস্যা দেখা দেওয়ার অভিযোগ উঠেছে। গুগল ম্যাপ বা অন্য কোনও ম্যাপ অ্যাপে লোকেশন সার্চ করলে পরীক্ষার্থীরা অনেক সময় ভুল জায়গায় পৌঁছে যেতে পারেন, যা পরীক্ষার শেষ মুহূর্তে বড়সড় বিপত্তি ডেকে আনতে পারে।
শারীরিক উপস্থিতিতে কেন্দ্র যাচাইয়ের পরামর্শ
এনটিএ পরীক্ষার্থীদের পরামর্শ দিয়েছে, পরীক্ষা কেন্দ্রের সঠিক অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে তাXরা যেন অন্তত একদিন আগে সশরীরে সেখানে গিয়ে জায়গাটি দেখে আসেন। অ্যাডমিট কার্ডে যে পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া রয়েছে, তার সঙ্গে ম্যাপের অবস্থানের সামঞ্জস্য আছে কিনা, তা যাচাই করে নেওয়া জরুরি। বিশেষ করে যাঁরা শহর থেকে দূরে বা অন্য রাজ্য থেকে পরীক্ষা দিতে আসছেন, তাঁদের ক্ষেত্রে এই আগাম পরিদর্শন অত্যন্ত সহায়ক হবে।
আবহাওয়া ও ট্রাফিক নিয়ে বাড়তি সতর্কতা
পরীক্ষার দিন যানজট বা খারাপ আবহাওয়ার (যেমন কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা) কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের হাতে যথেষ্ট সময় নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। এনটিএ স্পষ্ট জানিয়েছে যে, ট্রাফিক বা অন্য কোনও কারণে দেরি হলে কোনোভাবেই পরীক্ষার্থীদের ছাড় দেওয়া হবে না। তাই শান্ত থেকে আগেভাগে পরিকল্পনা করাই শ্রেয়।
রিপোর্টিং সময় ও পরীক্ষাসূচি
নিট পরীক্ষার সময়সূচি অনুযায়ী, দুপুর ২টো থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। তবে পরীক্ষার্থীদের সকাল ১১টা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে। মনে রাখা প্রয়োজন, দুপুর ১টা ৩০ মিনিটের পর আর কোনও পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ, পরীক্ষা শুরুর আধ ঘণ্টা আগেই গেট বন্ধ করে দেওয়া হবে।
পরীক্ষার্থীর সংখ্যা ও নারীশক্তির আধিপত্য
এ বছরের পরিসংখ্যানে একটি উল্লেখযোগ্য বিষয় উঠে এসেছে। মোট ২২,৭৯,৭৪৩ জন পরীক্ষার্থী এবার নিট পরীক্ষার জন্য আবেদন করেছেন, যা গত বছরের তুলনায় প্রায় ৩,০০০ বেশি। তবে সবথেকে নজরকাড়া বিষয় হলো মহিলা পরীক্ষার্থীদের সংখ্যা। মোট পরীক্ষার্থীদের মধ্যে প্রায় ৫৮ শতাংশই মহিলা। তথ্য অনুযায়ী, ১৩,৩২,৯২৮ জন মহিলা এবং ৯,৪৬,৮১৫ জন পুরুষ পরীক্ষার্থী এবার এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন। চিকিৎসা ক্ষেত্রে মেয়েদের এই ক্রমবর্ধমান আগ্রহ এক ইতিবাচক ইঙ্গিতবাহী।

