'ভোলেবাবা পার করেগা' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়েই তালসারি সমুদ্রে তলিয়ে রবিবার প্রয়াত হন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই মেগা শুরু হয়েছিল মধুমিতা সরকার ও নীল ভট্টাচার্যের হাত ধরে। তবে কাহিনীর মাঝ পথে তাঁরা মেগা থেকে সরে যান। তার ফলে মেগার দ্বিতীয় পর্ব আনা হয়।
সেখানেই দেখা যেত রাহুলকে। তাঁর বিপরীতে ছিলেন শ্বেতা মিশ্র। তবে এই ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে রাহুলের মৃত্যু হলে, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অব্যবস্থা ও গাফিলতির অভিযোগ ওঠে। ইতিমধ্যেই সংস্থার নামে এফআইআরও দায়ের করা হয়েছে আর্টিস্ট ফোরামের পক্ষ। তবে এই সবের মাঝে শোনা যাচ্ছে এই মেগার নাকি নতুন সিজন শুরু হতে চলেছে?
আজকালের একটি রিপোর্ট অনুসারে এই মেগার নতুন সিজন আসছে। সেখানে দুই বোনের গল্প দেখানো হবে। 'রূপাঞ্জনা' ও 'নীলাঞ্জনা'র গল্প নিয়ে এগোবে মেগা। এই দুই বোনের চরিত্রে দেখা মিলবে অভিনেত্রী বর্ণিনী চক্রবর্তী ও নবাগতা অভিনেত্রী শ্রেয়া বসাকের।
তবে এই মেগার প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের বিরুদ্ধে FIR করা হয়েছে। শুক্রবার আর্টিস্ট ফোরামের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছিল ৪ তারিখ অর্থাৎ শনিবার দুপুর ২টোর পর থানায় যাওয়া হবে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে। সেই ভাবেই শনিবার প্রয়াত রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার-সহ আর্টিস্ট ফোরাম কলকাতার রিজেন্ট পার্ক থানায় পৌঁছ ছিল।
আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে চিরঞ্জিত চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ভরত কল, সৌরভ দাস, যিশু সেনগুপ্ত, ইন্দ্রাশীষ রায়, লাবনী সরকার-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এমনকী ম্যাজিক মোমেন্টসের মেগায় কাজ করছেন এমন সব অভিনেতাদেরও দেখা মিলেছিল। হাজির ছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়, রণিতা দাস, বিশ্বজিৎ ঘোষ-সহ আরও অনেকে।
প্রসঙ্গত, রাহুলের মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকের বয়ানে অসঙ্গতি থাকার কারণে উঠে আসে একাধিক প্রশ্ন। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগও ওঠে। ফলে সবটা মিলিয়ে অভিনেতা রাহুলের মৃত্যুর সময় আসলে কী ঘটেছিল তা জানতে চেয়ে ওয়েস্ট বেঙ্গল মোশন আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে প্রযোজনা সংস্থাকে একটি চিঠি পাঠানো হয়েছিল বুধবার।
শুক্রবার বৈঠকের পর জানানো হয়েছিল প্রযোজনা সংস্থার পক্ষ থেকে যে জবাব এসেছে তাতে তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম। তাই ৩ এপ্রিল রাতে তাঁদের পক্ষ থেকে আবারও একটি মিটিং করা হয়। সেই মিটিংয়েই সিদ্ধান্ত নেওয়া হয় যে, তাঁরা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে এফআইআর করবে।

