আম আদমি পার্টির ভেতরে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন রাঘব চড্ডা। সম্প্রতি দল তাঁকে রাজ্যসভায় ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দিয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে অশোক কুমার মিত্তল-কে।
এই সিদ্ধান্তের পরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে ওঠেন রাঘব। ইনস্টাগ্রামে তিনি দুটি ভিডিয়ো পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
একটি পোস্টে তিনি লিখেছেন, 'চুপ করানো হয়েছে, হারিনি।' এরপর আরেকটি ভিডিয়োতে তাঁকে রাজ্যসভায় তোলা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে দেখা যায়। এই ভিডিওতেই প্রতিক্রিয়া জানান বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি রাঘবের বক্তব্যে সমর্থন জানিয়ে হাত তোলা, তালি এবং হার্ট-আইস ইমোজি দিয়ে মন্তব্য করেন, যা দ্রুতই নেটমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে।
এছাড়াও, রাঘব আরও একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি দলের তরফে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেন। ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, 'আমি বলতে চাইনি, কিন্তু চুপ থাকলে বারবার বলা মিথ্যেও সত্যি মনে হতে পারে।' ভিডিয়োতে তিনি দৃঢ় ভঙ্গিতে বলেন যে, তিনি সংসদে গিয়েছিলেন করদাতাদের স্বার্থের বিষয়গুলি তুলে ধরতে এবং তাঁর বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগের জবাব দেবেন।
রাঘব ধুরন্ধর স্টাইলে জবাব দিয়ে বলেন, 'আমি সংসদে এসেছি করদাতাদের ইস্যু উত্থাপন করতে। আমি শুধু এটুকু বলতে চাই যে, আজ যারা আমার বিরুদ্ধে অভিযোগ আনছেন, মিথ্যা অভিযোগ করছেন, তাদের প্রতিটি মিথ্যা ফাঁস হয়ে যাবে এবং প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া হবে। কারণ আমি আহত, তাই আমি আরও মারাত্মক।'
অন্যদিকে, প্রিয়াঙ্কা চোপড়াও বর্তমানে অন্য একটি কারণে খবরে রয়েছেন। জানা যাচ্ছে, তিনি তাঁর আসন্ন প্রজেক্ট 'বারাণসী'-র শুটিং নিয়ে ব্যস্ত এবং সম্ভবত এই কাজের সূত্রেই বর্তমানে হায়দরাবাদে রয়েছেন। তাঁর সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট থেকেও সেই ইঙ্গিত মিলেছে।
সব মিলিয়ে, রাজনৈতিক টানাপোড়েন ও তারকাদের প্রতিক্রিয়ায় ঘটনাটি এখন ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে।

